ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

কাতারে মাস্ক না পরলে জেল-জরিমানা

প্রকাশিত: ১১:৪২, ১৮ মে ২০২০

কাতারে মাস্ক না পরলে জেল-জরিমানা

অনলাইন ডেস্ক ॥ কাতার প্রাণঘাতী করোনা ভাইরাস ঠেকাতে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। মাস্ক না পরলে ৩ বছর পর্যন্ত জেল এবং ৫৫ হাজার ডলার পর্যন্ত জরিমানার কঠোর শাস্তির বিধান করেছে দেশটি। রবিবার থেকেই এ আইন প্রযোজ্য হচ্ছে বলে জানিয়েছে গাল্ফ নিউজ। কেবল কেউ একা গাড়ি চালানোর ক্ষেত্রে এ থেকে ছাড় পাবেন। কাতারে ৩০ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যা দেশটির জনসংখ্যার ১১ শতাংশ। আর মারা গেছে ১৫ জন। কাতার কর্তৃপক্ষ রমজান মাসের এ সময়ে জনসমাগমের কারণে করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে কাতারে স্কুল, মসজিদ, শপিংমল, রেস্তোঁরা সব বন্ধ রয়েছে। তবে ২০২২ সালের ফিফা ওয়ার্ল্ডকাপ আয়োজনের জন্য দেশটিতে নির্মাণ কাজ চলছে। সামাজিক দূরত্ব বিধি মেনে কাজ চললেও কর্মকর্তারা বলছেন, তিনটি স্টেডিয়ামে শ্রমিকদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। অভিবাসী শ্রমিকরাই নতুন আক্রান্ত হয়েছে বেশি। গত ২৬ এপ্রিল থেকে কাতারে নির্মাণ শ্রমিকদের জন্যও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। বিশ্বে আরো প্রায় ৫০ টি দেশে সম্প্রতি মাস্ক পরা বাধ্যতামূলক হয়েছে। যদিও বিজ্ঞানীরা মাস্কের কার্যকারিতা নিয়ে একমত নন। চাদ কর্তৃপক্ষ মাস্ক পরার নিয়ম না মানলে ১৫ দিন বন্দি রাখার শাস্তি বিধান করেছে। মরোক্কোও মাস্ক না পরলে তিনমাসের জেল এবং ১৩০০ দিরহাম (১৩০ ডলার) জরিমানার বিধান করেছে।
×