জেরেমি লারনা
অস্কারজয়ী চিত্রনাট্যকার জেরেমি লারনার আর নেই। ৮৮ বছর বয়সী লারনার ২৪ ফেব্রুয়ারি মারা গেছেন। তবে তার মৃত্যুর খবর জানা যায় গত ৬ মার্চ। লেখকের ছেলে জেসি লারনার দ্য নিউ ইয়র্ক টাইমসকে এই খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ২৪ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একটি হাসপাতালে মারা গেছেন তার বাবা।
২০১৩ সাল থেকে পারকিনসন্সে ভুগছিলেন জেরেমি লারনার। গত জানুয়ারিতে তার লিম্ফোমা ধরা পড়ে। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
১৯৩৭ সালের ২০ মার্চ নিউ ইয়র্কের ওলিনে জন্ম জেরেমি লারনারের। ১৯৫৮ সালে স্নাতক সম্পন্ন করেন ব্র্যান্ডিস ইউনিভার্সিটি থেকে। এরপর পুরো ষাটের দশকজুড়ে লেখালেখিতে ব্যস্ত সময় পার করেন। ওই সময়ে তিনি বেশ কয়েকটি বই লেখেন। ১৯৬৪ সালে তার প্রথম উন্যাস ‘ড্রাইভ, হি সেইড’ প্রকাশিত হয়। এটি থেকে পরে ১৯৭১ সালে চলচ্চিত্র নির্মাণ করেন তার সহলেখক-পরিচালক জ্যাক নিকলসন। সাংবাদিকতাও করেছেন জেরেমি লারনার। ম্যাগাজিন ‘হারপার’, ‘দ্য প্যারিস রিভিউ অ্যান্ড লাইফ’ এ লেখালেখি করেছেন।
১৯৬৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ইউজিন ম্যাককার্থির স্পিচরাইটার ছিলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই লিখেছিলেন ‘নোবডি নোজ’ বইটি, যা ১৯৬৯ সালে ‘হারপার’ ম্যাগাজিনে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
১৯৭২ সালে মাইকেল রিচি পরিচালিত ‘দ্য ক্যানডিডেট’ সিনেমার গল্প লেখার পেছনে লারনার সেই নির্বাচনী প্রচারের অভিজ্ঞতা কাজে লাগিয়েছিলেন।
সিনেমায় রবার্ট রেডফোর্ড অভিনয় করেছিলেন বামপন্থি আইনজীবী বিল ম্যাকেইর ভূমিকায়, যিনি নিজেকে সেনেট নির্বাচনের জন্য তৈরি করতে গিয়ে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। সিনেমাটির জন্য সেরা চিত্রনাট্যকারের অস্কার এনে দেয় জেরেমি লারনারকে।
রাজনীতিক বিল ব্র্যাডলি, অধিকারকর্মী স্যাম ব্রাউন, পল নিউম্যান এবং রেডফোর্ডের অনেক বক্তব্যও তিনি লিখেছেন বহু বছর ধরে। এসব বক্তব্যের বেশিরভাগ জুড়েই থাকত ভিয়েতনাম যুদ্ধ এবং পরিবেশ সুরক্ষার বিষয়।
‘দ্য ক্যানডিডেট’ অভিনেতা রেডফোর্ড ৮৯ বছর বয়সে মারা যান গতবছর সেপ্টেম্বরে। এবার চলে গেলেন সিনেমাটির চিত্রনাট্যকার জেরেমি লারনার।
প্যানেল হু








