ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

ঈদ আয়োজনে সরব টিভি চ্যানেল

-

প্রকাশিত: ২১:৫৮, ১৮ মার্চ ২০২৬

ঈদ আয়োজনে সরব টিভি চ্যানেল

ঈদ আয়োজনে সরব টিভি চ্যানেল

নাচ-গানে বিটিভির আনন্দমেলা
ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা এবারও নির্মিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায় বিটিভির পর্দায়। এবারের আনন্দমেলা উপস্থাপনা করবেন জনপ্রিয় দুই তারকা মাসুমা রহমান নাবিলা ও ইরফান সাজ্জাদ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকছে তারকাদের নৃত্য পরিবেশনা। এখানে নাচবেন পূজা চেরি, মেহজাবীন চৌধুরী, রিচি সোলায়মান, চাঁদনী এবং আনিকা কবির শখ। আশির দশক থেকে বর্তমান সময়ের জনপ্রিয় সিনেমার গান ও ফোক গানে তাদের পরিবেশনা সাজানো হয়েছে বিশেষ কোরিওগ্রাফিতে।
সংগীত পরিবেশনায় থাকছেন জনপ্রিয় শিল্পী কনকচাঁপা, মনির খান, রবি চৌধুরী, ন্যান্সি, নাসির ও চিরকুট ব্যান্ড।
এছাড়া অনুষ্ঠানে থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় অ্যাক্রোবেটিক শো। দর্শকদের হাসাতে থাকবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি। পাশাপাশি থাকবে যন্ত্রসংগীতে ‘রমজানের ঐ রোজার শেষে’, বিশেষ জিঙ্গেল এবং নাটিকা।  অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, হাসান রিয়াদ ও ইয়াসমিন আক্তার।
ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে নাচ, গান, কমেডি ও নানা আয়োজনে সাজানো এই বিশেষ ‘আনন্দমেলা’ দর্শকদের জন্য হয়ে উঠবে বাড়তি বিনোদনের উৎসÑ এমনটাই আশা আয়োজকদের।

মিউজিক্যাল ড্রামা
চারটি মিউজিক্যাল ড্রামায় সাজানো হয়েছে এবারের ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নি¤œবিত্ত পরিবারের নানা সমস্যা নিয়ে তৈরি হয়েছে তিনটি ভিন্ন ভিন্ন মিউজিক্যাল ড্রামা। এতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, কুসুম শিকদার, নাসির উদ্দিন খান ও আরফান আহমেদ। আরেকটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। তাদের নাটকটি চারপাশের নানা অনিয়ম তুলে ধরবে। সেলিম ও রোজীর সঙ্গে আরও অভিনয় করেছেন ইকবাল হোসেন ও শাওন মজুমদার। মিউজিক্যাল ড্রামাগুলোতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ, রাজিব, পুলক অধিকারী, মৌরী, নোশিন তাবাসসুম স্মরণ ও তানজিনা রুমা। সংগীত পরিচালনা করেছেন মেহেদী ও আকাশ মাহমুদ।
ইত্যাদি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ইত্যাদির বিশেষ এই পর্ব।

কৃষকের ঈদ আনন্দ
সংস্কৃতি প্রতিবেদক ॥  শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচারিত হবে ঈদের পরদিন বিকেল সাড়ে চারটায় চ্যানেল আইতে। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিতে কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের কৃষকের ঈদ আনন্দ আরও জমজমাট ব্যতিক্রমী মজার সব খেলাধুলায়।  
এবারে খেলাধুলার অংশটি ধারণের জন্য কাপাসিয়াকে বেছে নেওয়ার কারণ হিসাবে অনুষ্ঠানটির নির্মাতা উন্নয়ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, বাংলাদেশে আমিষ চাহিদা পূরণ এবং কৃষি ভিত্তিক অর্থনীতির বিকাশে পোল্ট্রি শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। হাকিম আলীর মৎস্য খামার এবং মিসেস জামানের মুরগির খামারের প্রচারণায় চাকরি নামক সোনার হরিণের পেছনে ছোটা তরুণরা ফিরেছিলো গ্রামে। তাদের হাতেই ধীরে ধীরে কুটির শিল্প থেকে আজকে ৪০ হাজার কোটি টাকার বিশাল পোল্ট্রি শিল্পখাত তৈরি হয়েছে। সম্ভাবনার নতুন কেতন ওড়াতেই এবারের কৃষকের ঈদ আনন্দ। কৃষকের ঈদ আনন্দে খেলাধুলার পাশাপাশি থাকছে আকর্ষণীয় বিষয় নিয়ে নানারকম প্রামাণ্যচিত্র।

নাগরিক টিভিতে তারায় তারায়
আসন্ন ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে নাগরিক টিভি। সেই আয়োজনের অংশ হিসেবে প্রচারিত হবে তারকাদের আড্ডাভিত্তিক অনুষ্ঠান তারায় তারায়। ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টায় নাগরিক টিভিতে প্রচারিত হবে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা।
অনুষ্ঠানটি নিয়ে শ্রাবণ্য তৌহিদা বলেন, দারুণ একটি আয়োজন হয়েছে। প্রতিটি পর্বেই তারকারা খুব প্রাণবন্তভাবে আড্ডা দিয়েছেন। নিজেদের জীবন ও কাজের নানা গল্প শেয়ার করেছেন। এমন কিছু তথ্যও উঠে এসেছে, যা আগে কখনো বলেননি। আশা করছি, দর্শকদের কাছে অনুষ্ঠানটি ভালো লাগবে।
নাগরিক টিভির অনুষ্ঠানপ্রধান কামরুজ্জামান বাবু জানান, প্রতি ঈদের মতো এবারও চ্যানেলটি বিশেষ আয়োজন নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে। তিনি বলেন, তারায় তারায়’ সেই আয়োজনেরই একটি অংশ, যেখানে তারকারা তাদের ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার এবং বিভিন্ন অভিজ্ঞতার গল্প শেয়ার করেছেন।
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আসিফ রহমান। তিনি জানান, ইতোমধ্যে চারটি পর্বের শূটিং সম্পন্ন হয়েছে এবং আগামীকাল বাকি তিনটি পর্বের শূটিং অনুষ্ঠিত হবে। ‘তারায় তারায়’ অনুষ্ঠানের প্রতিটি পর্বে থাকবেন ভিন্ন ভিন্ন তারকা। ঈদের দিন থাকবেন চলচ্চিত্র অভিনেত্রী পূজা চেরি। ঈদের পরের দিন থাকবেন চিত্রনায়িকা পূর্ণিমা। তৃতীয় দিনে থাকবেন অভিনেত্রী কেয়া পায়েল। চতুর্থ দিনে থাকবেন অভিনেতা ইরফান সাজ্জাদ। পঞ্চম দিনে থাকবেন অভিনেতা চাষী আলম। ষষ্ঠ দিনে অংশ নেবেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সপ্তম দিনে থাকবেন অভিনেত্রী শিরিন আক্তার শীলা।
ঈদ উপলক্ষে তারকাদের প্রাণবন্ত আড্ডা, ব্যক্তিগত গল্প ও ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো এ অনুষ্ঠানটি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।

‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’
আসন্ন ঈদ উপলক্ষে বিশেষ নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে আরটিভি। ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেলটিতে প্রচার হবে নাটকটি। নাটকটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী তানহা তাসনিয়া।
নাটকটি রচনা করেছেন শামীম সিকদার এবং পরিচালনা করেছেন সোহেল হাসান।
গল্পটি আবর্তিত হয়েছে মধ্যবয়সী প্রবাসফেরত আবুল বাসারকে ঘিরে। দীর্ঘদিন বিদেশে থাকার কারণে সময়মতো বিয়ে করা হয়নি তার। দেশে ফিরে সুন্দরী ও সরল মেয়ে সাবিনাকে দেখে হঠাৎ করেই তাকে বিয়ে করে ফেলেন বাসার। বয়সের ব্যবধান অনেক হলেও স্ত্রীকে অত্যন্ত ভালোবাসেন তিনি। বরং সেই ভালোবাসাই একসময় অতিরিক্ত রক্ষণশীল আচরণে পরিণত হয়।
স্ত্রীকে চোখের আড়াল করতে চান না বাসার। সবসময় তার খোঁজখবর রাখতে থাকেন এবং বাড়ির আশপাশেও অবিবাহিত কাউকে আসতে দিতে চান না। এমনকি বাড়ির গেটেও ঝুলিয়ে দেন ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’ লেখা সাইনবোর্ড। বিষয়টি পরিবার ও আশপাশের মানুষের কাছে হাস্যরসেরও জন্ম দেয়।
তবে ঘটনার মোড় ঘুরে যায় যখন হঠাৎ করেই সাবিনা নিখোঁজ হয়ে যায়। পরে জানা যায়, সাবিনার সাবেক প্রেমিক রনি পুরানো ছবি ও ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করছে। বিষয়টি জানতে পেরে সাবিনাকে উদ্ধার করতে এগিয়ে আসেন বাসার। অতীতের ঘটনাকে গুরুত্ব না দিয়ে স্ত্রীকে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
ভালোবাসা, সন্দেহ, হাস্যরস ও আবেগের মিশেলে নির্মিত এই নাটকে দাম্পত্য সম্পর্কের নানা দিক উঠে এসেছে। নির্মাতাদের আশা, ঈদের বিশেষ এ নাটকটি দর্শকদের জন্য হবে উপভোগ্য একটি আয়োজন।

হিমিকে নিয়ে হানিফ সংকেতের নাটক
প্রতি ঈদেই বর্ণাঢ্য ‘ইত্যাদি’র পাশাপাশি নন্দিত নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। যেখানে থাকে আলাদা গল্পের বৈচিত্র্য আর মজবুত সামাজিক বক্তব্য। নাটকটি ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।
এবারও তার বাইরে যাচ্ছেন না হানিফ। সময়ের জনপ্রিয় অভিনেত্রী হিমিকে নিয়ে তিনি বানিয়েছেন বিশেষ নাটক ‘ভালোবেসে অবশেষে’।
এই নাটকে দেখা যাবে- রানা ও নীলা ছেলেবেলায় একই গ্রামে এক সাথে বড় হয়েছে। তাদের মধ্যে সবসময় মিষ্টি ঝগড়া লেগেই থাকতো। একসময় পড়াশোনার জন্য নীলা চলে যায় বিদেশে। দীর্ঘদিন পর আবার দেশে ফিরে আসে। বাবা-মায়ের সঙ্গে বেড়াতে যায় গ্রামে। হঠাৎ করেই দেখা হয়ে যায় ছোটবেলার খেলার সাথী রানার সঙ্গে। তারপর রানা ও নীলাকে ঘিরে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। এইসব নিয়েই গড়ে উঠেছে ‘ভালোবেসে অবশেষে’ নাটকের কাহিনি।
নাটকটিতে রানা চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ আর নীলা চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকের কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মুনমুন আহমেদ, আরফান আহমেদ ও সুভাশিষ ভৌমিক। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সূচনা শিকদার, নজরুল ইসলাম, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু, নূর এ আলম নয়নসহ অনেকে। 

বৈশাখীতে ২৭ নাটক ৭ সিনেমা
ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে মোট ২৭ নাটক, ৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ‘ফানি মোমেন্ট’সহ নানা আয়োজন। 
ঈদের ৭ দিন বেলা ১টায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। ঈদের দিন দুপুর সাড়ে ১২টায় কমেডি শো ‘ফানি মোমেন্ট’। ঈদের ৭দিন বেলা আড়াইটায় প্রচার হবে ৭টি সিনেমা। এগুলো পর্যায়ক্রমে ‘বাদশা’, ‘দরদ’, ‘পোড়ামন-২’, ‘নবাব’, ‘জীবনের গল্প’, ‘শিকারি’ ও ‘যাও পাখি বলো তারে’।
২৭টি নাটকের মধ্যে ১৫টি একক, ৭ পর্বের ৫টি ধারাবাহিক এবং ৭টি মেগা নাটক। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত সোয়া ৮টায় ও ৯টা ৫৫মিনিটে। এর বাইরে চাঁদ রাত ১০টায় প্রচার হবে পার্থ সরকারের রচনা ও পরিচালনায় একক নাটক ‘এই শহরে’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন-খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। এছাড়াও রয়েছে ‘কাঠের চশমা’, ‘ডাবল চক্কর’, ‘কাজের বউ’, ‘পূর্ণতা’, ‘সোনার চেইন’, ‘ভালোবাসা ফিরে আসে’, ‘টাউট জামাই’, ‘পদ্মর ইরা’, ‘লিয়াকতের লটারী’, ‘বিয়ে করবো পালিয়ে’।

ঈদ উৎসবে ১৪টি বিদেশি সিনেমা চালাবে দুরন্ত!
সাধারণত ঈদ উৎসবের আয়োজনে তারকাবহুল মৌলিক আয়োজন দেখা যায় সিনেমা হল থেকে শুরু করে টিভি পর্দা হয়ে ইউটিউব পর্যন্ত। তবে সেই সংস্কৃতিতে খানিক ব্যতিক্রম দেখা যাচ্ছে দেশের একমাত্র শিশুতোষ চ্যানেল দুরন্তকে।
চ্যানেল কর্তৃপক্ষ জানায়, এই ঈদে নিজস্ব মৌলিক অনুষ্ঠান ছাড়াও মোট ১৪টি বিদেশি সিনেমা বাংলা ডাবিং করে চালাবে দুরন্ত।
এর মধ্যে ঈদের দিন প্রচার হবে সিনেমা ‘মোবারক’ ও ‘দ্য স্মার্ফস’। ২য় দিন ‘সার্ফ’স আপ’ ও ‘দ্য স্মার্ফস ২’। ৩য় দিন ‘ওপেন সিজন’ ও ‘রানা সাইলেন্স’। এভাবে রোজ দুপুর ৩টা ও রাত ১০টায় ৭ দিনে প্রচার হবে মোট ১৪টি বিদেশি সিনেমা। শুধু বিদেশি সিনেমাতেই আটকে থাকছে না চ্যানেলটি, সঙ্গে থাকছে নিজস্ব প্রযোজনার বেশকিছু মৌলিক অনুষ্ঠানের চমক। এরমধ্যে ঈদের দিন সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ‘রঙের খেলায় সুরের ভেলায়’-ঈদ স্পেশাল, সকাল ৯টা ও দুপুর ১টা ৩০ মিনিটে ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’, অনুষ্ঠানটিতে অতিথি থাকবেন রাফায়েল ও তার মা। সকাল ৯টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘মা-বাবাই সেরা’র বিশেষ পর্ব, অতিথি থাকবেন খন্দকার সামিহা তাজমিন ও তার মা-বাবা। সকাল ১০টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’।

আই কে মিউজিক স্টেশনের ঈদ ধামাকা
ঈদে চমক নিয়ে আসছে আই কে মিউজিক স্টেশন। ঈদ উপলক্ষে সিজন-৪ এ একসাথে শুটিং করেছেন ৩০টি গানের। সম্প্রতি বিএফডিসির একটি ফ্লোরে জমকালো আয়োজনে এই শুটিং সম্পন্ন হয়। গানে কন্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী থেকে শুরু করে নতুন অনেক শিল্পীরাও। যে গানগুলো ঈদ উপলক্ষে একের পর এক প্রকাশ করা হবে।  শুধু তাই নয়, রয়েছে বিগ বাজেটের মিউজিক ভিডিওসহ আরো কয়েকটি গান। যে গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হবে আই কে মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে। 
সবগুলো গানের কথা লিখেছেন  সময়ের জনপ্রিয় গীতিকার ও সুরকার মুনসুর সানী। এ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন আইকে মিউজিক স্টেশনের চেয়ারম্যান এমদাদ খান এবং আই কে মিউজিক স্টেশনর পরিচালক ও একক গীতিকার মুনসুর সানী।  
তারা বলেন,  বাংলা গানকে ভালোবেসে প্রবাসে থেকেও আমরা অসংখ্য গান তৈরি করছি। এবারের ঈদেও সিজন-৪ এর পাশাপাশি আমরা আরো বেশ কিছু মিউজিক ভিডিওসহ গান তৈরি করেছি। ঈদে প্রকাশ হবে ‘ওগো সখি’ শিরোনামের একটি গান। এই গানটি নিয়ে বেশ আশাবাদী। আমরা সব সময় চেষ্টা করি শ্রোতাদের চাহিদা অনুযায়ী ভিন্ন ধারার গান উপহার দিতে।

প্যানেল হু

×