ছবি: জনকণ্ঠ
কুয়াকাটা সৈকতে ভেসে আসল বিশালাকৃতির একটি মৃত কচ্ছপ। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা দুই টায় কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশের বেলাভূমে কচ্ছপটি দেখতে পান উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন সদস্য আবদুল জলিল।
তিনি বলেন, কচ্ছপটির ওজন ৩০ থেকে ৩৫ কেজি হতে পারে। কুয়াকাটা সৈকতে চলতি বছরে উদ্ধার হওয়া মৃত কচ্ছপের মধ্যে এটাই সর্ববৃহৎ ও প্রথম বলেও জানিয়েছেন তিনি।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সহ-সাংগঠনিক সম্পাদক কে এম বাচ্চু বলেন, বিপন্ন প্রজাতির এসব কচ্ছপ সৈকতে বারবার ভেসে আসলেও এর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। যে কচ্ছপটি ভেসে এসেছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া (অলিভ রিডলি)। এটি একটি পুরুষ কচ্ছপ।
তিনি জানান, বঙ্গোপসাগর উপকূলের কুয়াকাটা এলাকায় বর্ষা মৌসুম শুরু হলেই প্রায় সময় একের পর এক মৃত কচ্ছপ ভেসে আসতে দেখা যায়। তবে কেন এই মৃত্যুর সংখ্যা বাড়ছে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। চলতি বছরে এই প্রথম একটি মৃত কচ্ছপ সৈকতে ভেসে এসেছে।
কুয়াকাটা পৌরসভার প্রশাসক মোঃ ইয়াসীন সাদেক বলেন, সৈকতে মৃত কচ্ছপ ভেসে আসার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, কুয়াকাটায় মাঝে মধ্যে বিপন্ন প্রজাতির সামুদ্রিক কচ্ছপ ভেসে আসার ঘটনা ঘটে। অনেক সময় জেলেদের জালে আটকা পড়া বা অন্য কোন আঘাতের কারণে এসব কচ্ছপ মারা যেতে পারে। কচ্ছপটিকে দ্রুত মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যেন কোন দুর্গন্ধ না ছড়ায়।
শহীদ








