ছবি: জনকণ্ঠ
মেহেরপুর সদর উপজেলার হিজুলী ঈদগাহপাড়ায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে সংবাদ সংগ্রহ করতে গেলে দুই সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার হিজুলী ঈদগাহপাড়ায় বেশ কিছুদিন ধরেই অবৈধভাবে মাটি কাটার ঘটনা ঘটছে। এতে গ্রামের বিভিন্ন কাঁচা ও পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, মাটি কাটার কারণে অনেক রাস্তা গভীর গর্তে পরিণত হয়েছে, যা এলাকাবাসীর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে হিজুলী গ্রামের ইয়ারুলের ছেলে সানি নামের এক ব্যক্তি রাজনৈতিক প্রভাব দেখিয়ে দৈনিক কালবেলার সাংবাদিক কৌশিক বাপ্পি ও মাথাভাঙ্গা পত্রিকার সাংবাদিক মীর শামীমকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হলে তাদের মেরে ফেলা হবে এবং পুড়িয়ে দেওয়া হবে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে মাটি কাটার ফলে গ্রামের রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। পাকা রাস্তা থাকলেও অনেক স্থানে তা মাটির স্তূপে ঢেকে গেছে, যা চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এ বিষয়ে মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের নজরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
শহীদ








