ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চাল

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, রাজশাহী

প্রকাশিত: ১২:৪৮, ১২ মার্চ ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চাল

ছবি: জনকণ্ঠ

রাজশাহীর দুর্গাপুর পৌরসভার অসহায় হতদরিদ্র ৩ হাজার ৮৫ পরিবারের মাঝে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

১২ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০ টার দিকে পৌরসভার গুদাম থেকে বিতরণ কর্মসূচি শুরু হয়। উক্ত বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা। আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক লায়লা নূর তানজু, পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোঃ শাহাবুল হক, কার্যসহকারী, রতন কুমার ঘোষ, হিসাব রক্ষক, মোঃ হাবিবুর সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তা কর্মচারী বৃন্দ। 

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ভিজিএফ কর্মসূচির আওতায় দুর্গাপুর  উপজেলার জন্য মোট ৭৮.৯৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। 

বরাদ্দ অনুযায়ী দুর্গাপুর পৌরসভার ও  উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে। দুর্গাপুর পৌরসভার ৩০৮৫ কার্ডের বিপরীতে ৩০.৮৫০ মেঃটন, নওপাড়া ইউপির  ৮৪৪ কার্ডের বিপরীতে ৮.৪৪০ মেঃটন, কিসমত গণকৈড় ইউপির ৬৩৪ কার্ডের বিপরীতে ৬.৩৪০ মেঃটন, পানানগর ইউপির ৫৪২ কার্ডের বিপরীতে ৫.৪২০ মেঃটন, দেলুয়াবাড়ি ইউপির ৭৪৫ কার্ডের বিপরীতে,৭.৪৫০ মেঃটন, ঝালুকা ইউপির  ৭১৫ কার্ডের বিপরীতে ৭.১৫০ মেঃটন, মাড়িয়া ইউপির ৪৯৯ কার্ডের বিপরীতে ৪.৯৯০ মেঃটন, জয়নগর ইউপির ৮৩৪ কার্ডের বিপরীতে ৮.৩৪০ মেঃটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। 

উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নামে সরবরাহ আদেশ (ডিও) ইস্যু করা হয়। পরে তারা স্থানীয় খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে অনুমোদিত অগ্রাধিকার তালিকা অনুযায়ী প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার  (৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ট্যাগ অফিসারদের উপস্থিতিতে স্ব-স্ব ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।  বিতরণ শেষে মাষ্টার রোল ও বিতরণ প্রতিবেদন তিন দিনের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এবিষয়ে দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক লায়লা নূর তানজু বলেন, ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সরকারের এই খাদ্য সহায়তা সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করতে কাজ করে চলেছি। নিন্ম আয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে প্রতিটি ঘরে। 

এ.এইচ

×