ছবি: জনকণ্ঠ
উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকায় হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. এরশাদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের পরিচালিত এক অভিযানে তাঁকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। অভিযানে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসন।
এ.এইচ








