দীর্ঘ ১৭ বছর পর আন্দোলন সংগ্রামের পরে আপনাদের একটা সুযোগ এসেছে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার এবং একটা ভোট প্রদান করার। এমন মন্তব্য করেছেন বিজেপির চেয়ারম্যান ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ সদর আসনে বিএনপি জোটের সমর্থিত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন বিএনপি বিজিবির যৌথ আয়োজনে ইলিয়াছ মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব বক্তব্যে বলেন, তিনি আরো বলেন, গত কয়েকদিনে ভোলার গ্রামেগঞ্জে পায়ে হেঁটে, মোটরসাইকেলে অনেক জায়গায় আমি ঘুরেছি। আমি দেখেছি এখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এমনও রাস্তা দেখেছি; মানুষ বলেছে, যদি কেউ বর্ষাকালে মারা যায় লাশ নেওয়ার সুন্দর কোনো ব্যবস্থা নেই তাদের। আজকে ভোলায় একটা মানুষ অসুস্থ হলে দ্রুত তাকে বাহিরে নিতে পারি না, ভোলা-বরিশাল সেতু এখন আমাদের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে। মেডিকেল কলেজ, ভালো স্কুল, নদী ভাঙনরোধ করা জরুরি। ভোলার নদী ভাঙন রোধে যে টাকা বরাদ্দ হয়েছিল তার খুচরা পয়সা ব্যয় করলেও তা ভাঙন রোধ করা যেত এতোদিনে । দুর্নীতির কারণে সে কাজ ঠিকমতো হয়নি ভোলায় ।
সমাবেশে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, আমি ভোলাকে যেভাবে জাতীয় সংসদে ও সরকারের কাছে তুলে ধরতে পারব এবং বিভিন্ন দাবি-দাওয়া পুরণ করতে পারব তা আর কেউ করতে পারবে না আমার মতো করে। আমার বাবাকে ভোট দিয়ে আপনারা ভুল করেননি। ইনশাআল্লাহ আমাকেও ভোট দিয়ে ভুল করবেন না। এছাড়া ভোলার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে গরুর গাড়ি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ধনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান লাভলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, হারুনুর রশিদ ট্রুম্যান, এনামুল হক, সদস্য সচিব রাইসুল আলম।
বক্তব্য রাখেন, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো.নুরনবী, ভোলা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন জেলা ছাত্রদলের অন্যতম নেতা নুর মোহাম্মদ রুবেল,তারেল সিকদার,ছালাউদ্দিন সালেহ প্রমুখ।
এছাড়া স্থানীয় বিজেপি ও বিএনপির নেতৃবৃন্দসহ তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজু








