ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

হরিরামপুর খাল পুন:খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা  

আব্দুস সালাম, সুনামগঞ্জ

প্রকাশিত: ০২:২০, ১৫ মার্চ ২০২৬

হরিরামপুর খাল পুন:খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা  

ছবি: জনকন্ঠ

সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ফতেপুর গ্রামে আগামীকাল ১৬ মার্চ সোমবার হরিরামপুর খাল পুন:খনন কাজের উদ্বোধন হতে যাচ্ছে। সরকারের দেশব্যাপী নদী নালা খাল ও জলাধার খনন কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৩টায় এই প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ূন কবির। প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন উপদেষ্টা হুমায়ূন কবিরের এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সচিব মো. হারুন অর রশিদ।
​বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসির বাস্তবায়নে ৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই খালটি পুন:খনন করা হবে। সরকারের এই উদ্যোগ স্থানীয় কৃষি ও সেচ ব্যবস্থায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা জানিয়েছে যে এই খনন কাজের ফলে একদিকে যেমন কৃষি উৎপাদন বাড়বে এবং গ্রামীণ মানুষের কর্মসংস্থান হবে অন্যদিকে ভূ-উপরিস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধি পাওয়ায় ভূ-গর্ভস্থ পানির ওপর চাপ কমবে। এর ফলে এলাকায় খরা বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে।

উল্লেখ্য যে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এই বিশাল কর্মসূচির প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় একযোগে কাজ শুরু হচ্ছে। আগামীকাল ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল থেকে কেন্দ্রীয়ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। একই সময়ে দেশের অন্য ৫৩টি জেলায় মন্ত্রী ও উপদেষ্টাগণ সংশ্লিষ্ট এলাকায় এই উন্নয়ন কাজের সূচনা করবেন।
 

শহীদ

×