নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ স্থানটা হবিগঞ্জ জেলার চুনারুঘাটের উজ্জলপুর। এ স্থানটির একটি ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া পুত্র নবজাতক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। চুনারুঘাটের নবাগত ইউএনও সিদ্ধার্থ ভৌমিকের মহতি উদ্যোগে সমাজসেবার মাধ্যমে নবজাতকের চিকিৎসা চলছে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে। পুরোপুরি সুস্থ হলে এ নবজাতককে সিলেট ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে।
শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চুনারুঘাটের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক।
এর আগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) রায়েদ নামের এক কিশোর বাড়ি ফেরার পথে উজ্জলপুর ব্রিজের নিচে নবজাতকের কান্না শুনতে পেয়ে তার মামি আফিয়াকে জানায়।
আফিয়া ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বাজারের ব্যাগ দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে আছে নবজাতক। বিষয়টি তিনি পাইকপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম চৌধুরীকে জানান।
চেয়ারম্যান শামীম তাৎক্ষণিক ইউএনও’র সাথে কথা বলে চিকিৎসার জন্য চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। এ হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই নবজাতকের উন্নত চিকিৎসার প্রয়োজন হয়। বিষয়টি জেনে মহতি উদ্যোগ নেন ইউএনও সিদ্ধার্থ ভৌমিক।
তাঁর (ইউএনও) মহতি উদ্যোগে রাত সাড়ে ৮ টায় নবজাতককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। শুরু হয় উন্নত চিকিৎসা প্রদান। সেই থেকে এ পর্যন্ত সমাজসেবার দেখভালে চিকিৎসা চলছে। ইউএনও’র এ মহতি উদ্যোগের প্রশংসা করছেন উপজেলাবাসী।
ইউএনও সিদ্ধার্থ ভৌমিক জানান, নবজাতের পিতৃপরিচয় পাওয়া যায়নি। উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ওই নবজাতক।








