নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সরকার আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেবে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে। আফগানিস্তান একটি স্বীকৃত রাষ্ট্র।
শনিবার বিকেলে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রে জমি হস্তান্তর সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে এ কথা বলেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিএলআরআই এর মহাপরিচালক আব্দুল জলিল, সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, নাঈমুর রহমান দূর্জয়, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অ্যাডঃ জাকিয়া তাবাসসুম, শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রের মহাপরিচালক আব্দুল করিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী বলেন, পাকিস্তানে ইমরান খান ক্ষমতায় আসার পরে অনেকে উচ্ছসিত হয়েছিল, দিবাস্বপ্ন দেখেছিল। কিন্তু কোন লাভ হয়নি। আফগানিস্তানের তালেবান দেখে কেউ যদি দিবাস্বপ্নে বিভোর থেকে থাকেন এটা বাস্তবায়িত হবেনা। বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টানের অসাম্প্রদায়িক রাষ্ট্র। বাংলাদেশে অসাম্প্রদায়িক, আধুনিক, প্রগতিশীল রাষ্ট্র ব্যবস্থা চলছে, সেটাই চলবে। অন্য কিছু দেখে কারো কোন অভিলাষে লিপ্ত হওয়ার কোন অবকাশ নেই।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেন, জমির অভাবে আমাদের সকল কার্যক্রম সম্পন্ন করতে পারছিলাম না। প্রধানমন্ত্রীর নামে এ প্রতিষ্ঠান না হলে আমরা এত খাটাখাটনি করতাম না। এই জমি পেতে আমাদের বেশ কষ্ট করতে হয়েছে। আমরা বঙ্গবন্ধুকে দেখিনি কিন্তু তার সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে দেখেছি। শেখ হাসিনার কার্যক্রম দেখে আমরা বুঝতে পারি বঙ্গবন্ধু কত বড় মনের মানুষ ছিলেন। আমরা এ পর্যন্ত ১৬ হাজার ক্রীড়াবিদকে সহায়তা প্রদান করেছি।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজের নামে কোন প্রতিষ্ঠান করতে চান না। দেশে খুব অল্প সংখ্যক প্রতিষ্ঠান আছে তার নামে। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্র তার মধ্যে অন্যতম। উল্লেখ্য সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রে বর্তমানে ৮ একর জমিতে কার্যক্রম চলছে। আরও ৩.৩৮ একর জমি আজকে প্রদান করার জন্য দুই মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমঝোতা স্মারক সাক্ষর হয়।








