নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ আশুলিয়ায় চাঁদা না দেয়ায় এক ব্যাবসায়ীর বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ব্যবসায়ীর বাবাসহ সাত জন আহত হয়েছে। শুক্রবার রাতে আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর এলাকার ব্যবসায়ী সোহেল রানার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নুরুল ইসলামের ছেলে হৃদয় (২০), সাত্তারের ছেলে মামুন (২৮), মহির উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম আসাদ, মৃত আলাউদ্দিনের ছেলে শাকিল (২৫), মৃত শহিদুল্লাহর ছেলে রাশেদ (২৩), সিরাজুল ইসলামের ছেলে তুষার (২০), মোহাম¥দ তুহিন (১৮), আলাউদ্দিন আলার ছেলে শাকিল (২০) ও সিদ্দিকসহ অজ্ঞাত ৩৫ জন।
জানা গেছে, বেশ কিছু দিন আগে হৃদয়, মামুন, আসাদসহ একদল কিশোর ব্যবসায়ী সোহেল রানার বাড়িতে এসে মাসিক চাঁদা দাবি করে। সে সময় তাদেরকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যবসায়ীকে বিভিন্ন রকম হুমকি দিয়ে চলে যায়। এরপর শুক্রবার রাতে তার কাছে আবারও ১০লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার বাড়ির চারপাশে ঘেরাও করে ৩০ থেকে ৪৫ জন অতর্কিত হামলা ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে ওই ব্যবসায়ীর বাবা বাঁধা দিতে গেলে তাকেসহ ৭জনকে পিটিয়ে আহত করে অভিযুক্তরা। পরে আশুলিয়া থানা পুলিশে খবর দিলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতরা হলেন, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার ব্যবসায়ী সোহেল রানার বাবা কছিম উদ্দিন মন্ডল, শাকিল, আশিকুর, মাসুদ ও মাজেদা বেগমসহ ৭জন।
আশুলিয়া থানার এসআই সুব্রত রায় জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








