ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

মানুষ গড়ার কারিগর দৃষ্টি প্রতিবন্ধী তিন বোন

প্রকাশিত: ০৬:১৭, ২৫ জুন ২০১৬

মানুষ গড়ার কারিগর দৃষ্টি প্রতিবন্ধী তিন বোন

ওরা চার বোন এক ভাই। জন্মের পর থেকে আলোর মুখ দেখেনি চার বোন। তারপরও তারা সমাজকে আলোকিত করছেন। তিনজনেই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অন্ধ হয়েও থেমে নেই তাদের জীবন সংগ্রাম। তারা চট্টগ্রামের পটিয়ায় হাজারো শিশুর মাঝে ছড়াচ্ছে শিক্ষার আলো। দৃষ্টি প্রতিবন্ধী এই চার বোনের মধ্যে তিনজন শিক্ষকতার পাশাপাশি রান্নাবান্না, গান, স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার, কম্পিউটার চালানোসহ প্রায় সব কাজে সমান পারদর্শী। যা বিরল দৃষ্টান্ত। উম্মে হাবিবা চৌধুরী পটিয়া পৌর সদরের শশাংকমালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের, উম্মে তাসলিমা চৌধুরী দক্ষিণ গোবিন্দারখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এবং উম্মে তানজিলা চৌধুরী মোহছেনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও অপর বোন উম্মে সালিমা চৌধুরী লেখাপড়ার পাশাপাশি প্রাইভেট টিউশনি করে জীবনযাপন করছেন। ভাই নাঈম উদ্দিন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বায়িং হাউসে চাকরি করছেন। তাদের জন্মস্থান পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর গ্রামে। বাবার নাম নাছির উদ্দিন চৌধুরী ও মা শামীমা আক্তার চৌধুরী। গ্রামের বাড়ি পটিয়ায় হলেও তারা চট্টগ্রাম শহরের হামজারবাগ এলাকায় বেড়ে ওঠে। চার জনেই নগরীর মুরাদপুরের দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা শেষ করে মাধ্যমিক স্কুল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। অন্ধ হয়েও শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় উম্মে তানজিলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছর পুরস্কৃত করেছেন। -বিকাশ চৌধুরী, পটিয়া থেকে
×