উইকিপিডিয়া সাধারণত মুক্ত অনলাইন বিশ্বকোষ হিসেবে পরিচিত, যেখানে স্বেচ্ছাসেবকরা সম্মিলিতভাবে তথ্য সম্পাদনা করেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে, এই প্ল্যাটফর্মকে বাংলাদেশের ইতিহাস ও মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করার প্রবণতা বেড়েছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর একটি সংঘবদ্ধ আদর্শিক গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠেছে।
অভিযোগ উঠেছে, এই গোষ্ঠী পরিকল্পিতভাবে জুলাই বিপ্লবের শহীদ ও আন্দোলনের নেতাদের নাম মুছে ফেলা, বিকৃত করা এবং বিতর্কিত করার চেষ্টা করছে। একই সঙ্গে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং ভারতপন্থি বয়ান প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে নিয়ন্ত্রণ করছে। “আমার দেশ”-এর চার মাসের অনুসন্ধানেও এসব বিষয় উঠে এসেছে।
২০২৪ সালের ১৬ জুলাই ছাত্রলীগের হামলার প্রতিবাদে দেশে তীব্র বিক্ষোভ শুরু হয়। এতে ছয়জন নিহত হন, যার মধ্যে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম ও ছাত্রশিবির নেতা ফয়সাল আহমেদ শান্ত অন্যতম। এই শহীদদের নামে উইকিপিডিয়ায় পেজ তৈরি করা হলেও ‘নি৭’ ধারা ব্যবহার করে তা মুছে ফেলা হয়েছে, যেখানে বলা হয় ‘অগুরুত্বপূর্ণ বিষয়বস্তু’।
পেজ তৈরির জন্য যিনি লিখেছেন, তিনি দীর্ঘ ছয় বছর ধরে উইকিপিডিয়ায় শতাধিক নিবন্ধ সম্পাদনা করেছেন। তবে প্রশাসক কোনো ব্যাখ্যা ছাড়াই পেজ মুছে দেন, এমনকি লেখক বারবার ফিরিয়ে আনার দাবি জানালেও তাকে হুঁশিয়ারি দেওয়া হয়। অন্য শহীদ যেমন ইমতিয়াজ আহমেদ জাবিরের পেজও একইভাবে মুছে ফেলা হয়েছে। মৃত্যুর পর তার জানাজা পড়ার সময়ও নানা ধরনের বাধা সৃষ্টি হয়। “আমার দেশ”-এর অনুসন্ধানে জানা গেছে, জুলাই বিপ্লবের প্রায় সব শহীদদের পেজ ‘নি৭’ ধারা ব্যবহার করে মুছে ফেলা হয়েছে।
জুলাই বিপ্লবের সঙ্গে যুক্ত বিভিন্ন দল ও সাংস্কৃতিক সংগঠনের পেজও মুছে ফেলার চেষ্টা চলছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিপ্লব সংশ্লিষ্ট নেতাদের পেজ বারবার অপসারণের লক্ষ্যবস্তু হয়েছে। উদাহরণস্বরূপ, ডাকসু ভিপি সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি, ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সবকটির পেজ একাধিকবার ‘নি৭’ ধারা ব্যবহার করে মুছে ফেলা হয়েছে। অথচ এই ব্যক্তিরা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
শহীদদের পক্ষে লেখা নিবন্ধ ও সত্য তথ্য প্রকাশের চেষ্টা করলে লেখকদের একাধিক অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ, প্রশাসকরা কোনও ব্যাখ্যা না দিয়ে লেখকদের ব্লক করে দিচ্ছেন।
উইকিপিডিয়ার নিয়মিত লেখক মামুন হোসেন বলেন, “বাংলা উইকিপিডিয়ায় একটি বিশেষ গোষ্ঠী কার্যত নিয়ন্ত্রণ চালাচ্ছে, যা ভারতের আদর্শ ও প্রভাবকে সমর্থন করে এবং বাংলাদেশের সাধারণ মানুষের ইতিহাস ও ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে কাজ করছে।”
ফয়েজ আহমদ তৈয়্যব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা, বলেন, “উইকিপিডিয়া ব্যক্তিবিশেষের মাধ্যমে পরিচালিত, সরকার দ্বারা নয়। তাই কমিউনিটির সঙ্গে কথা বলে করণীয় ঠিক করা সবচেয়ে কার্যকর হবে।”
সূত্র: আমার দেশ
আফরোজা








