//

ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যে ভুলে বিস্ফোরিত হতে পারে আপনার ফ্রিজ

প্রকাশিত: ১০:২০, ১৭ জানুয়ারি ২০২৬

যে ভুলে বিস্ফোরিত হতে পারে আপনার ফ্রিজ

ছ‌বি: সংগৃহীত

ফ্রিজ এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। খাবার সতেজ রাখা থেকে শুরু করে দুধ, ফল ও সবজি সংরক্ষণ—সব কাজেই এর গুরুত্ব অপরিসীম। তবে অনেকেই অজান্তেই ফ্রিজ ব্যবহারে এমন কিছু ভুল করেন, যা মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। অবহেলা করলে ফ্রিজ থেকে আগুন লাগা কিংবা বিস্ফোরণের মতো ঘটনাও ঘটতে পারে, যা বিভিন্ন সময় সংবাদে উঠে এসেছে।

অনেকের ধারণা, শুধু এসি থেকেই এ ধরনের দুর্ঘটনা ঘটে। বাস্তবে ফ্রিজও বিদ্যুৎচালিত একটি যন্ত্র, তাই ভুল ব্যবহার হলে ঝুঁকি কম নয়। বিশেষ করে পুরোনো ফ্রিজের ক্ষেত্রে সতর্কতা আরও বেশি জরুরি। সাধারণ কিছু ভুল এড়িয়ে চললেই বড় দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমানো সম্ভব।

১০–১৫ বছরের বেশি পুরোনো ফ্রিজে কম্প্রেশারের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এটি সারাক্ষণ চালু থাকায় ধীরে ধীরে অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। দীর্ঘদিন ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হলে কম্প্রেশার ক্ষতিগ্রস্ত হয়ে আগুন লাগা বা ফেটে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

ফ্রিজে প্রয়োজনের তুলনায় বেশি খাবার রাখাও বিপজ্জনক হতে পারে। এতে ভেতরে বাতাস চলাচল বাধাগ্রস্ত হয়, ফলে ফ্রিজ স্বাভাবিকের চেয়ে বেশি গরম হয়ে ওঠে। অতিরিক্ত লোডের কারণে ফ্রিজকে বেশি কাজ করতে হয়, বিদ্যুৎ খরচ বাড়ে এবং শর্টসার্কিটের আশঙ্কাও তৈরি হয়।

নিম্নমানের সকেট, প্লাগ বা তার ব্যবহার করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে ভোল্টেজ ওঠানামার সময় স্টেবিলাইজার না থাকলে ফ্রিজের কম্প্রেশার অতিরিক্ত গরম হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে, যা বিস্ফোরণের ঝুঁকি বাড়ায়।

ফ্রিজের কুলিং সিস্টেম ও কয়েলের সঠিক যত্ন না নিলেও বিপদ হতে পারে। গ্যাস লিক হলে আগুন বা স্পার্কের সংস্পর্শে এসে তা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। অসাবধানতাবশত পেছনের অংশ ভেজানো বা ক্ষতি করলেও ফ্রিজের অপারেটিং সিস্টেমে সমস্যা দেখা দেয়।

ফ্রিজ পরিষ্কার রাখাও নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। নির্দিষ্ট সময় পরপর, অন্তত ছয় মাসে একবার সার্ভিসিং করানো ভালো। ফ্রিজের পেছনে পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখতে হবে, যাতে তাপ সহজে বের হতে পারে। অপরিষ্কার ও বদ্ধ জায়গায় রাখা ফ্রিজ দ্রুত গরম হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।

এ ছাড়া পুরোনো ফ্রিজ ব্যবহারের সময় ভোল্টেজের ওঠানামা হলে অবশ্যই স্টেবিলাইজার ব্যবহার করা উচিত। মানসম্মত প্লাগ, সকেট ও তার ব্যবহার করলে ঝুঁকি অনেকটাই কমে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—ফ্রিজ থেকে যদি স্পার্ক, পোড়া গন্ধ, ধোঁয়া বা অস্বাভাবিক শব্দ শোনা যায়, তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ করুন এবং একজন দক্ষ ইলেকট্রিশিয়ান বা সার্ভিস টেকনিশিয়ানকে ডাকুন। সময়মতো ব্যবস্থা নিলে বড় ধরনের দুর্ঘটনা সহজেই এড়ানো সম্ভব।

এ.এইচ

×