ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

বিড়ালকে খাবার খাইয়ে দুই সপ্তাহে আয় ২৮ লাখ টাকা!

প্রকাশিত: ১৫:১৫, ৫ মার্চ ২০২৬

বিড়ালকে খাবার খাইয়ে দুই সপ্তাহে আয় ২৮ লাখ টাকা!

ছবিঃ সংগৃহীত।

সাঙ্ঘাইয়ের তরুণ হুয়ান কং বিড়ালের সেবা করে মাত্র এক সপ্তাহে ১ লাখ ৬০ হাজার ইউয়ান বা বাংলাদেশি মুদ্রায় ২৮ লাখ ৩৭ হাজার টাকার বেশি আয় করে নতুন এক রেকর্ড গড়েছেন। ১৯৯১ সালে জন্ম নেওয়া হুয়ান গত ৯ বছর ধরে পেশাদার হিসেবে পোষা প্রাণীর যত্ন নেওয়ার কাজ করছেন। এ বছর চীনা নববর্ষের ছুটিতে যখন দেশটির কোটি কোটি মানুষ ভ্রমণে ব্যস্ত ছিলেন তখন তিনি ও তার চার সদস্যের দল মিলে সাংহাইয়ের ঘরে ঘরে থাকা বিড়ালগুলোর আহার ও স্বাস্থ্যের দায়িত্ব নেন।

উৎসবের আগে ও পরে মিলিয়ে প্রায় ২০ দিনেরও বেশি সময় ধরে হুয়ানের দল প্রায় ২ হাজার বাড়িতে গিয়ে বিড়ালকে খাবার দিয়েছেন যেখানে হুয়ান একাই ১ হাজার বাড়িতে সেবা পৌঁছে দিয়েছেন। তার এই অবিশ্বাস্য আয়ের পেছনে রয়েছে হাড়ভাঙা খাটুনি ও নিষ্ঠার এক দারুণ সংমিশ্রণ। প্রতিদিন ভোর রাত তিনটায় কাজ শুরু করে একটানা রাত ১১টা পর্যন্ত বিরামহীনভাবে এক বাড়ি থেকে অন্য বাড়িতে ছুটে চলেছেন তিনি। এই ব্যস্ত সময়ে তিনি দিনে মাত্র তিন থেকে চার ঘণ্টা ঘুমানোর সুযোগ পেয়েছেন। সবচেয়ে ব্যস্ত দিনে হুয়ান একা প্রায় ৫৫টি বাড়িতে গিয়েছেন এবং প্রতিটি বিড়ালের জন্য গড়ে ১০ থেকে ১৫ মিনিট সময় বরাদ্দ করেছেন।

হুয়ানের এই পরিষেবার মধ্যে কেবল খাবার দেওয়াই সীমাবদ্ধ ছিল না। তিনি প্রতিটি বাড়িতে গিয়ে বিড়ালের লিটার বক্স বা মলমূত্র ত্যাগের জায়গা পরিষ্কার করেছেন এবং তাজা খাবার ও পানির ব্যবস্থা নিশ্চিত করেছেন। প্রতিটি বিড়ালের স্বাস্থ্যের অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করে তিনি ময়লা আবর্জনা নিজের সাথে নিয়ে ঘর থেকে বের হয়েছেন যাতে মালিকদের কোনো ভোগান্তি না হয়। এর বাইরে তিনি বাড়তি পারিশ্রমিকের বিনিময়ে বিড়ালকে ওষুধ খাওয়ানো এবং নখ কেটে দেওয়ার মতো বিশেষ সেবাও প্রদান করেছেন। দীর্ঘস্থায়ী ও বিশ্বস্ত গ্রাহক তৈরি হওয়ায় বড় উৎসবের সময় হুয়ানের সেবার চাহিদা ব্যাপক হারে বেড়ে যায় যা তাকে এই বিপুল অর্থ উপার্জনে সহায়তা করেছে।

এফএ

×