প্রেমে ব্যর্থতার অভিজ্ঞতা অনেকের জীবনেই আসে। সম্পর্ক ভেঙে গেলে অনেক মানুষ মানসিকভাবে ভেঙে পড়েন। তখন মনে হয় যেন জীবনের সব আনন্দ হঠাৎ করেই হারিয়ে গেছে। প্রিয় মানুষকে হারানোর কষ্ট সহজে মেনে নেওয়া যায় না বলেই কেউ কেউ দীর্ঘ সময় ধরে সেই স্মৃতির ভেতরেই আটকে থাকেন।
তবে অতীতের কষ্ট আঁকড়ে ধরে থাকা জীবনের পথকে আরও কঠিন করে তোলে। বাস্তবতা হলো, জীবনে সামনে এগিয়ে যেতে হলে সেই দুঃখ ধীরে ধীরে ছেড়ে দিতে হয় এবং নতুনভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করতে হয়। ব্যর্থতা থেকেও অনেক সময় নতুন শিক্ষা পাওয়া যায়, যা ভবিষ্যতের জন্য শক্তি হয়ে দাঁড়াতে পারে।
এই বার্তাটিই স্মরণ করিয়ে দেয় ৯ মার্চের একটি বিশেষ দিন। বিশ্বের অনেক জায়গায় দিনটি পরিচিত ‘ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন’ হিসেবে। প্রেমে ব্যর্থতার বেদনা কাটিয়ে নতুনভাবে জীবন শুরু করার অনুপ্রেরণা দিতেই এই দিনের প্রচলন হয়েছে।
প্রেম মানুষের জীবনের স্বাভাবিক একটি অনুভূতি। কিন্তু সব সম্পর্ক শেষ পর্যন্ত পূর্ণতা পায় না। বিচ্ছেদের পর অনেকেই গভীর কষ্টে ভোগেন, জীবনের প্রতি আগ্রহও কমে যায়। কেউ কেউ আবার দীর্ঘদিন ধরে সেই মানসিক আঘাত ভুলতে পারেন না। ফলে স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হয়।
তবু জীবন থেমে থাকে না। একটি সম্পর্কের সমাপ্তি মানেই জীবনের সমাপ্তি নয়। বরং এটি অনেক সময় নতুনভাবে নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার সুযোগ এনে দেয়। এই উপলব্ধিই মানুষকে আবার ঘুরে দাঁড়াতে সাহস দেয়।
অনেকে মনে করেন, ভালোবাসা উদযাপনের দিন ভ্যালেন্টাইনস ডে এবং মজার দিন এপ্রিল ফুল ডে’র মাঝামাঝি সময় হওয়ায় ৯ মার্চকে প্রতীকীভাবে এই দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে। ভালোবাসার আবেগের পর এবং হাস্যরসের দিনের আগে এই সময়টিকে ধরা হয় আত্মবিশ্লেষণ ও নতুন শুরু করার সময় হিসেবে।
এই দিবসটির সূচনা যুক্তরাষ্ট্রে। আটলান্টার বাসিন্দা জেফ গোল্ডব্ল্যাট নামের এক তরুণ এর উদ্যোগ নেন। ব্যক্তিগত জীবনে প্রেমে ব্যর্থ হয়ে তিনিও একসময় গভীর মানসিক কষ্টে ভুগেছিলেন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর দীর্ঘ সময় তিনি হতাশায় ডুবে ছিলেন এবং জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন।
পরে তিনি বুঝতে পারেন, তার মতো অনেক মানুষই পৃথিবীতে একই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যান। তখন তার মনে হয়, এমন একটি দিন থাকা উচিত যা মানুষকে ব্যর্থতার পর আবার নতুনভাবে জীবন শুরু করার সাহস দেবে।
এই ভাবনা থেকেই তিনি একটি কবিতা লেখেন এবং একটি ওয়েবসাইটে সেটি প্রকাশ করেন। ধীরে ধীরে বিষয়টি মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং বিভিন্ন গণমাধ্যমেও আলোচনা শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে দিনটি অনেকের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে।
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে দিনটি বিশ্বের বিভিন্ন দেশেও পরিচিতি পাচ্ছে। বিশেষ করে তরুণদের মধ্যে দিনটি নিয়ে আগ্রহ দেখা যায়।
বিশেষজ্ঞদের মতে, সম্পর্ক ভেঙে যাওয়া জীবনের একটি স্বাভাবিক ঘটনা। এটি মানুষকে কষ্ট দিলেও একই সঙ্গে নতুন অভিজ্ঞতা ও উপলব্ধি এনে দেয়। তাই অতীতের দুঃখে আটকে না থেকে সামনে এগিয়ে যাওয়াই জীবনের জন্য ইতিবাচক।
৯ মার্চ তাই অনেকের কাছে নতুনভাবে শুরু করার প্রতীক। পুরোনো কষ্টকে পেছনে ফেলে নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা এবং ইতিবাচক ভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দেয় এই দিনটি।
এ.এইচ








