ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

নারী নিরাপত্তা আজ সংশয়ের মুখে

অন্তি বড়ুয়া

প্রকাশিত: ২১:৪৮, ১৫ জানুয়ারি ২০২৬

নারী নিরাপত্তা আজ সংশয়ের মুখে

নারী নিরাপত্তা আজ সংশয়ের মুখে

নারী- এই শব্দটি উচ্চারণ করলেই মনে পড়ে মায়া, মমতা আর ভালোবাসার কথা। নারী একটি পরিবারের সমৃদ্ধির প্রতীক, সমাজের ভিত্তি। জীবনের বিভিন্ন পর্যায়ে সে কখনো কন্যা, কখনো মা, আবার কখনো সহধর্মিণী হিসেবে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। অথচ সেই নারীর নিরাপত্তাই আজ আমাদের সমাজে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।
একটি কন্যাসন্তানের জন্মকে পরিবারে আনন্দের সঙ্গে বরণ করা হলেও, সমাজ কি তার নিরাপদ ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে পারছে ? আমরা মুখে বলি নারী-পুরুষ সমান, উভয়ের সমান অধিকার রয়েছে। কিন্তু বাস্তব সমাজের দিকে তাকালে সেই সমতার প্রতিফলন খুব কমই চোখে পড়ে।
আজ নারীরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার শিকার। কর্মস্থল থেকে শুরু করে গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা জনসমাগম কোনো জায়গাই যেন আজ তারা পুরোপুরি নিরাপদ নয়। প্রতিদিন সংবাদমাধ্যম খুললেই নারী নির্যাতন, হয়রানি বা সহিংসতার খবর চোখে পড়ে। এসব ঘটনা আমাদের সমাজ ব্যবস্থার গভীর অসুস্থতারই প্রতিফলন।
স্বীকার করতে হবে, আগের তুলনায় নারীরা শিক্ষা ও কর্মক্ষেত্রে অনেক এগিয়েছে। তারা দেশের অর্থনীতি, প্রশাসন, খেলাধুলা ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু প্রশ্ন হলো—এই এগিয়ে চলার পথে তারা কতটা নিরাপদ ? আইন আছে, কিন্তু অনেক ক্ষেত্রে তার যথাযথ প্রয়োগ নেই। বিচার প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় অপরাধীরা শাস্তির ভয় পায় না, বরং আরও সাহসী হয়ে ওঠে।
স্বাধীনতার ৫৪ বছরে দাঁড়িয়ে নারীদের নিরাপত্তা আজও নিশ্চিত করতে না পারা আমাদের জন্য লজ্জাজনক। অথচ এই স্বাধীন দেশ গঠনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। শুধু অতীতে নয়, বর্তমানেও নারীরা বিশ্বদরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে। সেখানে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের প্রধান দায়িত্ব হওয়া উচিত।
নারী নিরাপত্তা কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয় নয়; এটি একটি সামাজিক দায়বদ্ধতা। পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র সব জায়গায় দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। নারীদের ভোগ্যবস্তু হিসেবে নয়, মানুষ ও নাগরিক হিসেবে সম্মান করতে শিখতে হবে।
আমরা যদি নিজেদের মানসিকতা পরিবর্তন করতে পারি, আইনের কঠোর ও সঠিক প্রয়োগ নিশ্চিত করতে পারি, তাহলে সমাজকে নারীদের জন্য নিরাপদ করে গড়ে তোলা অসম্ভব নয়। নারী নিরাপত্তা কোনো একার লড়াই নয় এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। আমরা চাই এমন একটি সমাজ, যেখানে একজন নারী ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে বাঁচবে; যেখানে সে মুক্ত বাতাসে, নিরাপদ পরিবেশে নিজের জীবনকে নিজের মতো করে গড়ে নিতে পারবে। তখনই বলা যাবে নারী নিরাপত্তা আর সংশয়ের মুখে নয়।

প্যানেল হু

×