মাসুমা সিদ্দিকা
ইফতারে ভাজাপোড়ার সাথে অনেকেই কিছু ভিন্নধর্মী আইটেম রাখেন। তাতে রোজাদার শিশুরা যেমন খুশি হয়, তেমনি রুচিরও পরিবর্তন আসে। এমনি কয়েকটি রেসিপি দিয়েছেন- মাসুমা সিদ্দিকা

যা লাগবে: খেজুর- ১০/১২ টা, তরল দুধ- ২ কাপ।
যেভাবে করবেন: দুধ ভালো করে জ্বাল করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য। আর খেজুরগুলোর বিচি ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রাখবো ঘন্টাখানেক এর জন্য, যেন খেজুরগুলো একদম নরম হয়ে যায়। এবার পানি থেকে খেজুর গুলো উঠিয়ে নিয়ে ঠান্ডা করা দুধের সাথে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে। ব্যস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার ডেট শেক। ইফতারের টেবিলে খেজুরের তৈরি এই পানীয় যেমনি মজাদার, তেমনি শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও শক্তি যোগাতে ভীষণ কার্যকরী।
ক্রিসপি ভেজ রোল

যা লাগবে: গাজর কুচি- ১ কাপ, পাতাকপি কুচি- ২ কাপ, পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি- ১ টেবিল চামচ, মুরগির বুকের মাংস- ২ টেবিল চামচ (অপশনাল), লবণ- স্বাদমতো, হলুদের গুঁড়া- ১/৪ চা চামচ, গরম মসলা গুঁড়া- ১/৪ চা চামচ, আদা বাটা- ১/৪ চা চামচ, রসুন বাটা- ১/৪ চা চামচ, ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ, পেস্ট্রি শিট- ১০/১২ টা, ময়দা- ১ টেবিল চামচ, ভাজার জন্য তেল।
যেভাবে করবেন: গাজর, পাতাকপি ও মুরগির বুকের মাংস পাতলা কুচি করে কেটে নেব। চুলায় একটি পাত্র উঠিয়ে তাতে এক টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচি হালকা বাদামী বর্ণ করে ভেজে নেব। এবার এর সাথে মুরগির বুকের মাংস, স্বাদমতো লবণ, গরম মসলার গুঁড়া, কাঁচা মরিচ কুচি, হলুদের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিয়ে পাঁচ মিনিটের জন্য হালকা জ্বালে ভেজে নেব। এবার এতে গাজর কুচি ও পাতাকপি কুচি দিয়ে ৭/৮ মিনিট মিডিয়াম জ্বালে রান্না করে নামিয়ে নেব। নামানোর আগে এর ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এখন এই মিশ্রণ ঠান্ডা হতে দেব। এবার ময়দার সাথে এক চামচ পরিমাণ পানি দিয়ে আঠালো একটা মিশ্রণ তৈরি করে নেব। এবার পেস্ট্রি শিট গুলো একটা একটা করে নিয়ে এর মাঝে তৈরি করে রাখা সবজির এই মিশ্রণ দিয়ে মুড়িয়ে রোলের আকার দেব।
আর রোলের এই মুখগুলোকে বন্ধ করবার জন্য ময়দার পেস্ট ব্যবহার করব। এভাবে সব কটি রোল বানিয়ে নিব। এবার চুলায় একটি পাত্র উঠিয়ে তেল দেব। তেল গরম হয়ে এলে রোলগুলো দিয়ে মুচমুচে করে ভেজে নামিয়ে নেব।
গোল্ডেন এগ

যা লাগবে: ডিম- ৩ টি, সেদ্ধ আলু- ২ কাপ, পেঁয়াজ বেরেস্তা- ১ টেবিল চামচ, বিট লবণ- স্বাদমতো, কাঁচা মরিচ কুচি- ১ চা চামচ, গোলমরিচের গুঁড়া- ১/৪ চা চামচ, পাঁচফোড়নের গুঁড়া- ১ চিমটি, ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ, ময়দা- ১ টেবিল চামচ, ব্রেডক্রাম্বস- প্রয়োজনমতো, ভাজার জন্য তেল- প্রয়োজন মত।
যেভাবে করবেন: ডিম ও আলু সেদ্ধ করে নেব। এরপর এগুলোকে খোসা ছাড়িয়ে আলাদা করে রেখে দেব। এখন আলু গুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে ভর্তার মত করে নেব। এবারে এই আলুর সাথে পেঁয়াজ বেরেস্তা, বিট লবণ, কাঁচা মরিচ কুচি, গোলমরিচের গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে রেখে দেব। এবার খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো থেকে একটি নিয়ে এর চারপাশে আলুর এই মিশ্রণটা ভালোভাবে দিয়ে ডিম টাকে ঢেকে দেব। এভাবে সব কটা ডিম কোট করে নিব। এখন ময়দাতে খুব অল্প পরিমাণ পানি দিয়ে পাতলা করে মিশ্রণ তৈরি নেব। এখন এই ময়দায় ডিম গুলোকে চুবিয়ে, ব্রেডক্রাম্বস এ খুব ভালোভাবে গড়িয়ে নেব। এভাবে সব কটি ডিম রেডি করে নেব। এখন চুলায় একটি ফ্রাইপ্যান উঠিয়ে তাতে তেল দিয়ে গরম করে নেব। এবার এই গরম তেলে ডিম গুলোকে মিডিয়াম জ্বালে সোনালী বর্ণ করে ভেজে উঠিয়ে নেব।
হোয়াইট সস পাস্তা

যা লাগবে: পাস্তা- ২ কাপ, ময়দা- ১/৪ কাপ, বাটার- ১/৪ কাপ, তরল দুধ- ১ লিটার, লবণ- স্বাদমতো, রসুন কুচি- ১ টেবিল চামচ, পাপরিকা পাউডার- ১ চা চামচ, টমেটো সস- ২ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া- ১ চা চামচ, গাজর কুচি- ২ টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি- ২ টেবিল চামচ, মিক্সড হার্বস- ১/৪ চা চামচ, চিজ- ২ টেবিল চামচ।
যেভাবে করবেন: একটি বড় পাত্রে ২ লিটার পানি ও প্রয়োজন মত লবণ দিয়ে ফুটতে দেবো। পানি ফুটে উঠলে এতে পাস্তা দিয়ে দিয়ে জ্বাল করতে থাকবো। পাস্তা সেদ্ধ হয়ে এলে পানি ঝরিয়ে রেখে দেব। এখন আলাদা একটি পাত্রে বাটার গরম করে তাতে রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিবো। ময়দা দিয়ে দেব।
এবার ময়দা ও বাটারের মিশ্রণটা হালকা করে ভেজে এর সাথে অল্প অল্প করে দুধ দিতে থাকব। অনবরত নাড়তে থাকব যেন এটি দলা পাকিয়ে না যায়। এবার এই দুধের সাথে গাজর কুচি, মিক্সড হারব্স, প্রয়োজনমতো লবণ, গোলমরিচের গুঁড়া, টমেটো সস, পাপরিকা পাউডার দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। যখন মিশ্রণটা অনেকখানি থকথকে হয়ে আসবে তখন এর সাথে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। এবারে পাস্তার ওপরে কুচানো চিজ ও ক্যাপসিকাম ছড়িয়ে মিনিট দুয়েকের মত মৃদু জ্বালে রান্না করে নামিয়ে নেব।
প্যানেল/মো.








