ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আহত বা নিহত হয়েছেন এমন গুজব সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এই দাবির পক্ষে এখনো কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, সাম্প্রতিক ইরানি হামলার পর নেতানিয়াহু আহত বা নিহত হয়ে থাকতে পারেন। প্রতিবেদনে সরাসরি কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেওয়া হয়নি। গুজবের পেছনে মূলত তিনটি বিষয়কে ঘিরে শঙ্কা তৈরি হয়েছে। প্রথমত, সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর নতুন কোনো ভিডিও বা জনসম্মুখে উপস্থিতি দেখা যায়নি। দ্বিতীয়ত, তার বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তৃতীয়ত, কিছু নির্ধারিত কূটনৈতিক সফর স্থগিত করা হয়েছে।
তাসনিম নিউজ সাধারণত ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-র ঘনিষ্ঠ গণমাধ্যম হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগও তাদের আইআরজিসি-সংশ্লিষ্ট হিসেবে তালিকাভুক্ত করেছে।
অন্যদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়ার দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। নিরাপত্তাজনিত কারণে অনেক সময় শীর্ষ নেতাদের জনসম্মুখে দেখা কম হয়। সরকারি সূত্রে বলা হয়েছে, ৭ মার্চ নেতানিয়াহু কার্যালয় থেকে একটি সরকারি বিবৃতি প্রকাশ করেছিলেন এবং ৬ মার্চ বিয়ারশেবার এলাকায় পরিদর্শনকালে তাকে দেখা গিয়েছিল।
ফলে নেতানিয়াহুকে ঘিরে ছড়ানো মৃত্যুর গুজব এখনো নিশ্চিত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়।
এ.এইচ








