ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
হলিউডের সবচেয়ে কাক্সিক্ষত স্বীকৃতি অস্কারে সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ছয়টি পুরস্কার জিতেছে আমেরিকান সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ডার্ক কমেডি ধাঁচের রাজনৈতিক থ্রিলারটি নির্মাণের জন্য সেরা পরিচালক হয়েছেন পল টমাস অ্যান্ডারসন। সেরা প্রযোজক এবং সেরা রূপান্তরিত চিত্রনাট্যকার পুরস্কার দুটিও উঠেছে ৫৫ বছর বয়সী এই আমেরিকান নির্মাতার হাতে। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে মোট ১৩টি মনোনয়ন পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।
ছবিটিতে দুর্নীতিগ্রস্ত সামরিক কর্মকর্তা কর্নেল স্টিভেন জে. লকজো চরিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন শন পেন। এটি তার তৃতীয় অস্কার। অস্কারে নতুন চালু হওয়া সেরা কাস্টিং পুরস্কার পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এছাড়া সেরা চলচ্চিত্র সম্পাদনা বিভাগের স্বীকৃতি এসেছে ছবিটির ঘরে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে রবিবার (বাংলাদেশ সময় সোমবার ভোর) জাঁকজমকপূর্ণ আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।
রেকর্ডসংখ্যক ১৬টি মনোনয়ন পাওয়া ভ্যাম্পায়ার হরর ‘সিনার্স’ চারটি পুরস্কার জিতেছে। সেরা অভিনেতার অস্কার জিতেছেন মাইকেল বি. জর্ডান। পরিচালক রায়ান কুগলার সেরা মৌলিক চিত্রনাট্যকারের অস্কার জিতেছেন। এছাড়া সেরা চিত্রগ্রহণ ও সেরা মৌলিক আবহ সংগীত বিভাগে পুরস্কৃত হয়েছে ‘সিনার্স’। এর মধ্যে অস্কারের সেরা চিত্রগ্রহণ শাখায় পুরস্কৃত প্রথম নারী হিসেবে রেকর্ড বুকে স্থান করে নিয়েছেন অটাম ডুরাল্ড আরকাপো।
সেরা অভিনেত্রী বিভাগে প্রত্যাশিতভাবে জিতেছেন জেসি বাকলি। চীনের ক্লোয়ি জাও পরিচালিত ‘হ্যামনেট’ ছবিতে উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রী অ্যাগনেস চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কারটি পেয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা।
সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে জিতেছেন ৭৫ বছর বয়সী অ্যামি ম্যাডিগ্যান। ভৌতিক ধাঁচের ‘ওয়েপন্স’ ছবিতে আমেরিকার একটি শহরে আসা এক অদ্ভুত খেয়ালী চাচির চরিত্রে অভিনয় করেছেন তিনি।
কোনো ছবির একমাত্র প্রতিনিধি হিসেবে মনোনয়ন তালিকায় স্থান পাওয়া মাত্র পাঁচজন অস্কার জিতেছেন। তারা হলেন জুলিয়ান মুর (স্টিল অ্যালিস), শার্লিজ থেরন (মনস্টার), ফরেস্ট হুইটেকার (দ্য লাস্ট কিং অব স্কটল্যান্ড), ক্রিস্টোফার প্লামার (বিগিনার্স) ও পেনেলোপি ক্রুজ (ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা)। তাদের পাশে যুক্ত হলো ম্যাডিগানের নাম।
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’কে হটিয়ে অস্কার জিতেছে নরওয়ের ইয়োয়াকিম ত্রিয়ের পরিচালিত ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে নেটফ্লিক্সের ‘কেপপ ডিমন হান্টার্স’। ‘গোল্ডেন’ সেরা মৌলিক গান বিভাগে অস্কার জিতেছে।
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে যৌথভাবে অস্কার জিতেছে ‘দ্য সিঙ্গারস’ এবং ‘টু পিপল এক্সচেঞ্জিং স্যালাইভা’।
৯৮তম অস্কারের বিজয়ী তালিকা
সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, সেরা অভিনেতা মাইকেল বি. জর্ডান (সিনার্স), সেরা অভিনেত্রী, জেসি বাকলি (হ্যামনেট), সেরা পার্শ্ব অভিনেতা, শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), সেরা পার্শ্ব অভিনেত্রী অ্যামি ম্যাডিগ্যান (ওয়েপন্স), সেরা পরিচালক, পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), সেরা মৌলিক চিত্রনাট্য, সিনার্স (রায়ান কুগলার), সেরা রূপান্তরিত চিত্রনাট্য, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (পল টমাস অ্যান্ডারসন), সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র কেপপ ডিমন হান্টার্স (ম্যাগি ক্যাং, ক্রিস অ্যাপেলহান্স ও মিশেল এল.এম. ওয়াং), সেরা আন্তর্জাতিক সিনেমা (অ-ইংরেজি ভাষা) সেন্টিমেন্টাল ভ্যালু (নরওয়ে), সেরা কাস্টিং ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (ক্যাসান্ড্রা কুলুকুন্ডিস), সেরা চিত্রগ্রহণ সিনার্স (অটাম ডুরাল্ড আরকাপো) সেরা কস্টিউম ডিজাইন ফ্রাঙ্কেনস্টাইন (কেট হোলি), সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য সিঙ্গারস (স্যাম অ্যা. ডেভিস ও জ্যাক পিয়াট), টু পিপল এক্সচেঞ্জিং স্যালাইভা (আলেকজান্ডার সিং ও নাতালি মুস্তাতা) সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য গার্ল হু ক্রাইড পার্লস (ক্রিস লেভিস ও মাচেক স্টেরবোস্কি) সেরা প্রামাণ্যচিত্র মিস্টার নোবডি অ্যাগেনস্ট পুতিন (ডেভিড বোরেনস্টাইন, পাভেল টালানকিন, হেলে ফাবের, আসবেয়েতা কারাসকোভা) সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র অল দ্য এম্পটি রুমস (জোশুয়া সেফটেল ও কোনাল জোন্স) সেরা চলচ্চিত্র সম্পাদনা ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (অ্যান্ডি জার্গেনসেন) সেরা রূপসজ্জা ও চুলসজ্জা ফ্রাঙ্কেনস্টাইন (মাইক হিল, জর্ডানি স্যামুয়েল, ক্লায়োনা ফিউরি) সেরা মৌলিক আবহ সংগীত সিনার্স (লুদভিগ ইয়োরানসন) সেরা মৌলিক গান গোল্ডেন (কেপপ ডিমন হান্টার্স, কথা ও সুর : ইজেই, মার্ক সনেনব্লিক, জুং জিউ কোয়াক, ইয়ু হান লি, হি ডং নাম, জিয়ং হুন সিও, টেডি পার্ক)।
প্যানেল হু








