সানিয়া সুলতানা লিজা
আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে সব সময়ই শিল্পীরা নতুন মৌলিক গান প্রকাশ করার চেষ্টা করেন। সেই ধারাবাহিকতায় এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে হালের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার কণ্ঠে নতুন মৌলিক গান ‘ভালোবাসা কেন যে এমন হয়’। গানটি লিখেছেন সহদেব সাহা। সুর করেছেন বেলাল খান। গানটিতে লিজার সহশিল্পীও তিনি। গানটির ভিডিও নির্মাতা আদর মির্জা। এটি প্রযোজনা করেছেন রাজ বিশ^াস শংকর। এটি মূলত ‘প্রিয়জন’ নাটকের একটি গান। আলাদাভাবে গানটি গত ৪ মার্চ ইউটিউবে প্রকাশিত হয়েছে।
গানটি প্রসঙ্গে লিজা বলেন, গানের কথা তো খুব সুন্দর। এর আগেও আমার সঙ্গে বেলাল ভাইয়ের গাওয়া ‘পাখি’ গানটি শ্রোতা দর্শকের মধ্যে ভীষণ সাড়া ফেলেছিল। এই গানটি নিয়েও প্রত্যাশা আছে। ‘পাখি’ এক ঘরানার গান আর ‘ভালোবাসা কেন যে এমন হয়’ আরেক ঘরানার গান। দুইটা দুই রকমের সুরের গান। এরই মধ্যে গানটি প্রকাশের পর একটু একটু করে বেশ ভালো সাড়া পাচ্ছি। যদিও এটি নাটকের গান। তারপরও এই গানটির জন্য আলাদা মিউজিক ভিডিও করা হয়েছে। আমরা শিল্পীরাও সেখানে আছি।
ধন্যবাদ এই গানের গীতিকার, সুরকার, প্রযোজক ও নির্মাতাকে অনেক কষ্ট করে শ্রম দিয়ে একটি ভালো গান শ্রোতা দর্শককে উপহার দেওয়ার জন্য। এদিকে আগামী ঈদে বিটিভি, চ্যানেল আই, এটিএন নিউজ’সহ আরও কিছু চ্যানেলে গান গাইতে দেখা যাবে লিজাকে। আর ঈদের পরপরই যথারীতি স্টেজ শো নিয়েও ব্যস্ততা শুরু হবে বলেও জানালেন লিজা।
প্যানেল হু








