ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ধেয়ে আসছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়

প্রকাশিত: ১৩:০৭, ৬ মার্চ ২০২৬

ধেয়ে আসছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়

দেশে চলতি মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দেশের কয়েকটি অঞ্চলে এই ঝড়ের প্রভাব বেশি অনুভূত হতে পারে। ঝড়ের সময় ঘণ্টায় প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, আগামী ৮ বা ৯ মার্চের দিকে দেশে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ৯ মার্চ থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। এ ধরনের বৃষ্টি সাধারণত স্বল্প সময়ের হয় এবং প্রায় আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রে সকালবেলা বা সন্ধ্যার আগে এ ধরনের বৃষ্টিপাত বেশি দেখা যায়।

তিনি আরও জানান, ১১ বা ১২ মার্চের দিকে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুদিন বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। একই সময়ে দেশের অন্যান্য অঞ্চলেও দুই থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।

ঈদের সময়ও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখনই নির্দিষ্ট করে পূর্বাভাস দেওয়া কঠিন বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। প্রাথমিক হিসেবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকতে পারে। যদিও সে সময় দেশের অন্য এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি মার্চ মাসের শুরুতেই তাদের মাসভিত্তিক পূর্বাভাসে জানিয়েছিল, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি দেশের অন্যান্য এলাকায়ও দুই থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।

এ.এইচ

×