চলমান সঙ্কোচনমুখী মুদ্রানীতির প্রভাবে কমেছে কৃষকের ঋণ
চলমান সঙ্কোচনমুখী মুদ্রানীতির প্রভাবে কমেছে কৃষকের ঋণ। যদিও কৃষি খাতে একাধিক তহবিল চালু রয়েছে। অন্যদিকে গত মে মাসে সামগ্রিক বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আগের মাসের তুলনায় বেড়েছে। কিন্তু কৃষি ঋণ উল্টা কমেছে।
জানা গেছে, ২০২৪ সালের এপ্রিল মাসের তুলনায় মে মাসে ব্যাংকগুলোর কৃষি খাতে ঋণ বিতরণ ও আদায় কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে দেশের ব্যাংকগুলো কৃষি খাতে ঋণ বিতরণ করেছিল ৩ হাজার ৪৩৬ কোটি ৫৪ লাখ টাকা। আর পরের মাস মে’তে ব্যাংকগুলো কৃষি খাতে ঋণ বিতরণ করেছে ৩ হাজার ১৯১ কোটি ৯২ লাখ টাকা। সেই হিসেবে চলতি বছরের এপ্রিলের তুলনায় মে মাসে কৃষি খাতে ঋণ বিতরণ কম হয়েছে ২৪৪ কোটি ৬২ লাখ টাকা।
এ ছাড়া বিতরণকৃত ঋণ আদায়ের পরিমাণও কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের এপ্রিলে ব্যাংকগুলো কৃষকদের কাছ থেকে বিতরণকৃত ঋণ আদায় করেছিল ৩ হাজার ৫৩৮ কোটি ৪৪ লাখ টাকা। আর চলতি বছরের মে মাসে ব্যাংকগুলো ঋণ আদায় করেছে ৩ হাজার ৪২৬ কোটি ৪৩ লাখ টাকা। সেই হিসেবে চলতি বছরের এপ্রিল মাসের তুলনায় মে মাসে কৃষি ঋণ আদায় কম হয়েছে ১১২ কোটি টাকা।
তবে অর্থবছর হিসেবে ব্যাংকগুলোর কৃষি ঋণ বিতরণ কিছুটা বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ব্যাংকগুলো কৃষি খাতে ঋণ বিতরণ করেছে ৩৩ হাজার ২৯৬ কোটি টাকা। আর আগের ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে ব্যাংকগুলো কৃষি ঋণ বিতরণ করেছিল ২৯ হাজার ২৯৭ কোটি টাকা। সেই হিসাবে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে কৃষি ঋণ বিতরণ বেড়েছে ৩ হাজার ৯৯৯ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের মে মাস শেষে কৃষি খাতে মোট বিতরণকৃত ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৫৬ হাজার ৩৩১ কোটি ১৭ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫১ হাজার ৬৩ কোটি টাকা। অর্থাৎ বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১০ দশমিক ৩২ শতাংশ।
জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরের জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংকগুলোর জন্য কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে ৩৫ হাজার কোটি টাকা। তথ্যানুযায়ী, ২০২০-২১ অর্থবছরে ব্যাংকগুলো কৃষি খাতে ঋণ বিতরণ করেছিল ২৫ হাজার ৫১১ কোটি ৩৫ লাখ টাকা, ২০২১-২২ অর্থবছরে ব্যাংকগুলো কৃষি খাতে ঋণ বিতরণ করেছিল ২৮ হাজার ৮৩৪ কোটি ২১ লাখ টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকগুলো কৃষি খাতে ঋণ বিতরণ করেছিল ৩২ হাজার ৮২৯ কোটি ৮৯ লাখ টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের কৃষি নীতিমালা অনুযায়ী, ফসলের মৌসুমের ভিত্তিতে সারা বছর সমান হারে কৃষি ঋণ দেওয়ার নির্দেশ রয়েছে। এর পরেও ঋণ বিতরণে পিছিয়ে রয়েছে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোকে মোট ঋণের মধ্যে ন্যূনতম ২ শতাংশ কৃষি ঋণ বিতরণ করতে হয়। কোনো ব্যাংক লক্ষ্য পূরণে ব্যর্থ হলে ওই ব্যাংককে জরিমানা গুনতে হয়।








