ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

প্রকাশিত: ১৬:২৮, ১৯ জুলাই ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

ফুটবল বিশ্বকাপকে ঘিরে সারা বিশ্বের মতো বাংলাদেশেও চলছে তুমুল উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন দেওয়া থেকে শুরু করে নতুন চ্যাম্পিয়ন দেখার প্রত্যাশায় মেতে উঠেছেন ফুটবলপ্রেমীরা। এ প্রেক্ষাপটে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এবারের বিশ্বকাপে তিনি স্পেনকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান। তার মতে, বিশ্বকাপ দীর্ঘদিন ধরে ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি ও ফ্রান্সের মতো কয়েকটি দেশের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। নতুন কোনো দল শিরোপা জিতলে তা বিশ্ব ফুটবলের জন্য ইতিবাচক হবে। স্পেনের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, তাদের ট্রফি জেতা প্রাপ্য। পাশাপাশি ইংল্যান্ডের অগ্রগতিও তাকে মুগ্ধ করেছে।

ব্যক্তিগতভাবে ব্রাজিলের সমর্থক হলেও এবারের আসরে ব্রাজিলের সম্ভাবনা কম দেখেছেন স্পিকার। তিনি বলেন, অনেক আগে থেকেই ব্রাজিলের সমর্থক তিনি এবং এখনও সেই অবস্থানেই আছেন। তবে খেলার ধরন দেখে আগেই বুঝতে পেরেছেন যে, ব্রাজিল এবার সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে না। তার মতে, আর্জেন্টিনা ও স্পেন ভালো ফুটবল উপহার দিচ্ছে।

মুসলিম দেশগুলোর পারফরম্যান্স নিয়েও কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি উল্লেখ করেন, মিশর ও ইরান ভালো খেলেছে, যদিও কিছু ক্ষেত্রে রেফারির সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। ইরানে সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সেখানে ফুটবল নিয়ে মানুষের আগ্রহ অত্যন্ত বেশি এবং খেলোয়াড়দের ধর্মীয় অনুশীলন তাকে মুগ্ধ করেছে।

এছাড়া বিশ্বকাপে নারী দর্শকদের আগ্রহ বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। তার মতে, মেয়েদের এই অংশগ্রহণ আধুনিকতার প্রতিফলন।

দেশের ফুটবলের উন্নয়ন নিয়েও মতামত দেন স্পিকার। তিনি বলেন, দেশে দর্শকদের ব্যাপক আগ্রহ থাকা সত্ত্বেও ফুটবলের মান এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। এজন্য তিনি সংশ্লিষ্টদের তৃণমূল পর্যায়ে কাজ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি নারী ফুটবল দলের অগ্রগতির প্রশংসা করে তিনি বলেন, সঠিক প্রশিক্ষণ পেলে তারা আরও ভালো করতে পারবে।

×