ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

আর্সেনালকে উড়িয়ে দিল ম্যানইউ

প্রকাশিত: ০৬:৫২, ২৭ জানুয়ারি ২০১৯

আর্সেনালকে উড়িয়ে দিল ম্যানইউ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট এফএ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনালকে বড় ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার আর্সেনালকে ঘরের মাঠেই ৩-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে ওলে গানার সোলসজায়েরের দল। সব ধরনের প্রতিযোগিতায় নতুন কোচের অধীনে এটা ম্যানচেস্টার ইউনাইটেডের টানা অষ্টম জয়। ম্যাচের ৩১ মিনিটে রোমেলো লুকাকুর দারুণ এক পাস ধরে ইউনাইটেডকে প্রথম লিড এনে দেন চিলির তারকা ফরোয়ার্ড এ্যালেক্সিস সানচেজ। লুকাকুর বাড়ানো পাস নিজের আওতায় নিয়ে আর্সেনাল গোলরক্ষকের সামনে হাল্কা ড্রিবলিং করে ডান পাশে আরও দুরূহ কোণে সরে যাওয়া, অতঃপর জাল লক্ষ্য করে শট। মাত্র ১ মিনিটের ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ইংলিশ তারকা জেসে লিনগার্ড। দ্বিতীয় গোলটিতেও দারুণ পাস দিয়ে অবদান রাখেন লুকাকু। প্রথমার্ধের ৪৩ মিনিটে অবশ্য পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের চেষ্টায় একটি গোল শোধ করে গানাররা। তবে ঐ একটি গোলেই সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধের শুরুতে যদিও ম্যাচে সমতা আনার সুযোগ এসেছিল গানারদের। তবে এ্যারন রামসের দুর্দান্ত শট রুখে দিয়ে সম্ভাব্য বিপদ থেকে দলকে বাঁচান ইউনাইটেড গোলরক্ষক সার্জিও রোমেরো। এরপর আর বড় কোনো পরীক্ষা দিতে হয়নি ইউনাইটেডের রক্ষণভাগকে। ম্যাচের ৮২ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের এ্যান্থনিও মার্শাল দলের পক্ষে তৃতীয় গোলটি করে আর্সেনালকে ম্যাচ থেকেই ছিটকে দেন। পল পগবার জোরালো শট আর্সেনাল গোলরক্ষক পিওতর চেক রুখে দিলেও ফিরতি শটে সহজেই বল জালে পাঠান মার্শাল। এই পরাজয়ের ফলে এফএ কাপের সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন আর্সেনালকে বিদায় নিতে হচ্ছে এবারের আসর থেকে। এদিকে জয় পাওয়ায় এফএ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিত হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। নরওয়ের কোচ ওলে গানার সোলসজায়ের ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেয়ার পর ৮ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে দলটি। এদিকে নতুন কোচের অধীনে দুর্দান্ত খেলছেন পল পগবা। তবে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর কোথায় যাবেন এই ফরাসী স্ট্রাইকার? তা নিয়ে এখনই চলছে জল্পনা-কল্পনা। পল পগবা কেবল বার্সিলোনা কিংবা রিয়াল মাদ্রিদেই যোগ দিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তার ভাই ফ্লোরেনটিন। ওল্ডট্র্যাফোর্ডে জোশে মরিনহোর অধীনে শেষ কয়েক মাস পগবার সময়টা মোটেই ভাল কাটেনি। সে কারণেই ইউনাইটেড ছেড়ে লা লিগার বড় কোন ক্লাবে যোগ দেবার ব্যাপারে গুঞ্জন শোনা যায়। মরিনহোর অধীনে বেশিরভাগ ম্যাচেই পগবাকে বদলি হিসেবে খেলতে হয়েছে। ডিসেম্বরে ওলে গানার সোলসজায়ের অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেবার পর আবারও পগবা মূল একাদশে ফিরে আসেন। নতুন বসের অধীনে দারুণ ফর্মে থাকা পগবার সহায়তায় ইউনাইটেড এখন পর্যন্ত টান আট ম্যাচে অপরাজিত রয়েছে। ২০১৭ সালের জানুয়ারির পর যা ম্যানইউর জন্য প্রথম ঘটনা। তবে পগবার ভাই ফ্লোরেনটিন মনে করেন ভবিষ্যতে স্পেনেই পাড়ি জমাবেন তার ভাই। ইতোমধ্যেই দ্বিতীয় সারির দল এলচের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে রয়েছেন ফ্লোরেনটিন। পগবা নিজেও সবসময়ই বার্সার খেলার কৌশল পছন্দ করে থাকেন। ফ্লোরেনটিন বলেন, ‘আমার ভাই ইউনাইটেড ছাড়লে তিনটি ক্লাবে তার যাওয়ার সম্ভাবনা আছে, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ কিংবা বার্সা। সে সিটিতে যাবে না। সে কারণেই বার্সা কিংবা মাদ্রিদই সম্ভাব্য দল। জুভেন্টাসে থাকাকালীনই সে বার্সিলোনায় যেতে পারতো। কিন্তু সে ইউনাইটেডে ফিরতে বদ্ধপরিকর ছিল। প্রথম মেয়াদে সে এখানে ভাল করতে পারেনি।
×