ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

ভবনে লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা ॥ স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশিত: ১৬:২৩, ১৮ মে ২০২০

ভবনে লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা ॥ স্থানীয় সরকার মন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ কোনো ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে হুঁশিয়ার করে দিয়েছেন স্থানীয় সরকার, সমবায় ও পল্লীউন্নয়ন মন্ত্রী মো: তাজুল ইসলাম। ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (চিরুনি অভিযান) পরিদর্শনকালে মন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় ডিএনসিসি মেয়র মো: আতিকুল ইসলাম তার সাথে ছিলেন। সোমবার রাজধানীর বারিধারায় তারা এ অভিযান পরিদর্শনে আসেন। এ সময় তারা বারিধারায় ৯ নম্বর পার্ক রোডের একটি নির্মাণাধীন ভবনে বিপুল পরিমাণ এডিস মশার লার্ভার খুঁজে পান। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, ‘আমরা সকলে জানি এডিস মশা আবাসিক, অনাবাসিক ভবনে বংশবিস্তার করে। বিশেষ করে নির্মাণাধীন ভবন আমাদের জন্য হুমকিস্বরূপ। এজন্য আমরা সর্বসাধারণের কাছে বিভিন্নভাবে বিষয়টি অবহিত করেছি। কোনো ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছিল। এটা খুব দুঃখজনক যে, বারবার সতর্ক করা সত্ত্বেও নির্মাণাধীন বাড়ির মালিকরা সচেতন হচ্ছেন না। তারা মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন। এজন্য আমি কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিচ্ছি।’ ডিএনসিসির মেয়র মো: আতিকুল ইসলাম বলেন, ‘এডিস মশার লার্ভা পাওয়ার কারণে আমরা ইতিমধ্যে অনেক ভবন মালিকদের আর্থিক জরিমানা করেছি, তবে এখন সময় এসেছে তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার।’ মেয়র ঢাকাবাসীর প্রতি তিনদিন পরপর জমে থাকা পানি ফেলে দেয়ার আহবান জানান। তিনি বলেন, যারা ভবন তৈরি করছেন তারা অনেক টাকার মালিক। কিন্তু তাদের অবহেলার জন্য আমরা সবাই ঝুকিতে আছি। মেয়র নগরবাসীর প্রতি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহবান জানিয়ে বলেন, এতে আপনি নিজে, আপনার পরিবার, সমাজ, শহর ও রাষ্ট্র বেঁচে থাকবে। ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে আজ সোমবার চিরুনি অভিযানের তৃতীয় দিনে মোট ১ হাজার ৩৪৯টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে ডিএনসিসির টিম। এসময় বিভিন্ন বাড়ি, প্রতিষ্ঠান, স্থাপনা, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত জায়গায় এডিসের লার্ভা পাওয়া যাওয়ায় সাতটি মামলায় মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন  

×