নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার একটি ভবনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জন দগ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর দেওভোগ পাক্কা রোড এলাকায় আরমান মিয়ার মালিকানাধীন তিনতলা ভবনের নিচতলায় ঝুটের গোডাউনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার রাত পৌঁনে ১২টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর (মন্ডলপাড়া) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান।
আহতরা হলেন- ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী ছগির ও ভাড়াটিয়া লিটন। তদের মধ্যে শিপন ও ছগিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর ভবনটির নিচতলায় ঝুটের গোডাউনে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ভবনের নিচতলার দেয়াল ও জানালা ধসে পড়ে। সেই সঙ্গে আশপাশের কয়েকটি বাসার দরজা ও জানালা ভেঙে গেছে। বিস্ফোরণে নিচতলা বিধস্ত ও লন্ডভন্ড হয়ে যায়। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানো ও উদ্ধার কাজ শুরু করেন।
নারায়ণগঞ্জ সদর (মন্ডলপাড়া) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তিনি আরো বলেন, বিস্ফোরণের পর আমাদের দুটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি আরো বলেন, বিস্ফোরণের পর আগুনে বাড়ির নিচতলার ১টি আসবাবপত্র, ঝুট গোডাউনের জুট, কাপড়, দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় দু’জন দগ্ধ হয়েছেন।
রাজু








