ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

মাসজুড়ে শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে ইফতার

লালমাটিয়ায় ‘ছওয়াব’ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ

ইসমাঈল হোসাইন, উত্তরা, ঢাকা

প্রকাশিত: ২৩:০৯, ৭ মার্চ ২০২৬

লালমাটিয়ায় ‘ছওয়াব’ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ

ছবি: দৈনিক জনকন্ঠ

রাজধানীর লালমাটিয়ার ডি-ব্লক খেলার মাঠ সংলগ্ন এলাকায় খেটে খাওয়া ও অসহায় মানুষের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করেছে ছওয়াব (সোস্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ) ফাউন্ডেশন। সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে পরিচালিত এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘ইফতারি ঘর’।

রমজান মাসজুড়ে প্রতিদিন প্রায় দুইশ’ থেকে তিনশ’ মানুষের জন্য এখানে বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করা হয়। ইফতারি ঘরে পরিবেশন করা হয় ডিম খিচুড়ি, মোরগ পোলাও, খেজুরসহ বিভিন্ন পুষ্টিকর খাবার।

‎প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে রিকশাচালক, ফুটপাতে আশ্রয় নেওয়া অসহায় মানুষ, বাসাবাড়ির নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন শ্রমজীবী মানুষ সারিবদ্ধভাবে এসে এই ইফতার গ্রহণ করেন। এছাড়া সাধারণ পথচারীরাও এখানে ইফতার করার সুযোগ পান। স্থানীয়দের ভাষ্য, ডি-ব্লকের ‘ইফতারি ঘর’-এ গেলেই নিশ্চিতভাবে ইফতার পাওয়া যায়—এ কারণেই এটি অনেকের কাছে আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

‎এই মানবিক উদ্যোগে অংশ নিতে পেরে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, ছওয়াব ফাউন্ডেশন যেন প্রতিবছর এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে তা বাস্তবায়ন করে।

‎ছওয়াব ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামানসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে নিয়মিতভাবে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন।

এফএ

×