গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে এক জেলেদের জালে ধরা পড়ল প্রায় ৯০ কেজি ওজনের বিশাল এক বাঘাইড় মাছ। শুক্রবার (২০ মার্চ) ভোরে কামারজানি এলাকার নদীপাড়ে মাছটি ধরা পড়ে। মাছ ধরার খবরটি ছড়িয়ে পড়তেই আশপাশের মানুষ ছুটে আসেন। ডাঙায় তোলার পর মাছটির বিশাল আকার দেখে অনেকেই মোবাইলে ছবি ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন। স্থানীয়দের ভাষায়, এমন বড় বাঘাইর সচরাচর চোখে পড়ে না।
জেলে মোস্তাফা মাছটি বাজারে তুললে সেখানে সৃষ্টি হয় আরেক দফা ভিড়। শেষ পর্যন্ত মৎস্য ব্যবসায়ী সবুজ মিয়া এক লাখ টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি পুরাতন বাজারে নিয়ে কেজি দরে বিক্রির ব্যবস্থা করেন। প্রতি কেজি ১১০০ টাকা নির্ধারণ করা হলেও, দাম যেন ক্রেতাদের আগ্রহ কমাতে পারেনি। অল্প সময়ের মধ্যেই পুরো মাছ বিক্রি হয়ে যায়। অনেকেই লাইনে দাঁড়িয়ে নিজের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব কিনে নেন। দীর্ঘদিন পর এমন বড় মাছ পাওয়ায় খুশি জেলেরা। তাদের আশা, নদীতে এখনও বড় মাছের উপস্থিতি আছে—যা ভবিষ্যতে তাদের জীবিকায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
রাজু








