ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

চা খাওয়া নিয়ে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০

মো. রফিকুল ইসলাম, ভাঙ্গা, ফরিদপুর

প্রকাশিত: ১৫:১৩, ২০ মার্চ ২০২৬

চা খাওয়া নিয়ে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০

ছবি: দৈনিক জনকণ্ঠ।

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই দলের অন্তত ১০ জন আহত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ সংঘর্ষ হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

এলাকা ও গ্রামবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপীনাথপুর গ্রামে দীর্ঘদিন ধরে ইসমাইল মুন্সির সঙ্গে চুন্নুমিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে চুন্নু মিয়ার ছেলে ইব্রাহিমের সঙ্গে ও ইসমাইল মুন্সির ছেলে ফুহাদের সঙ্গে চা খাওয়া নিয়ে ঝগড়া হয়। এ ঘটনার সূত্র ধরে দুই দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে প্রায় ঘণ্টাব্যাপী মুখোমুখি সংঘর্ষে ২ পক্ষের ১০ জন লোক আহত হয়। সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে চরম ভীতি বিরাজ করছিল। পরে ছোট হামেরদী ও গোপিনাথপুর গ্রামের মাতুব্বরদের সহায়তায় সংঘর্ষ বন্ধ হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর আমার জানা নেই। তবে গ্রামবাসীর অভিযোগ, পুলিশকে ফোন দিলেও ঘটনাস্থলে আসেনি তারা।

এম.কে

×