ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রাঙ্গাবালীর কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

আ. রহিম গাজী, রাঙ্গাবালী, পটুয়াখালী

প্রকাশিত: ১৪:৩৮, ২০ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রাঙ্গাবালীর কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

ছবি: দৈনিক জনকণ্ঠ।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিন্ন সময়সূচিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টায় উপজেলার পশুরীবুনিয়া দায়রা বাড়ি মসজিদ মাঠে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো মুসল্লি অংশ নেন।

জানা গেছে, মধ্যপ্রাচ্যের সঙ্গে সংহতি রেখে জাহাঁগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের ভক্ত ও অনুসারীরা ধর্মীয় বিধান অনুসারে পূর্ণ ৩০ রমজান পালন শেষে এদিন ঈদের নামাজ আদায় করেন। একই ধারাবাহিকতায় উপজেলার অন্তত ৮টি গ্রামের মানুষ পৃথকভাবে ঈদ উদযাপন করেন।

এছাড়া একই সময়ে রাঙ্গাবালীর নিজহাওলা ও ফুলখালী গ্রামেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে বিভিন্ন স্থানের জামাতে প্রায় ৫ হাজারেরও বেশি মুসল্লি অংশগ্রহণ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দরবার সংশ্লিষ্টরা জানান, সারা দেশের সঙ্গে সমন্বয় রেখে একই সময়ে ঈদের জামাত আয়োজনের লক্ষ্যে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। ঈদগাহ মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মুসল্লিদের জন্য বিশুদ্ধ পানি ও অজুর ব্যবস্থা নিশ্চিত করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করে।

ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে মুসল্লিরা ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

স্থানীয়রা জানান, ভিন্ন সময়ে ঈদ উদযাপন হলেও এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং শান্তিপূর্ণভাবেই সব কর্মসূচি সম্পন্ন হয়েছে।

এম.কে

×