ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

মহেশপুরে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, আটক ২

‎মোঃ সাব্বির হোসেন, মহেশপুর, ঝিনাইদহ

প্রকাশিত: ১৯:৪৮, ১৮ মার্চ ২০২৬

মহেশপুরে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, আটক ২

‎ঝিনাইদহের মহেশপুরে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে প্রতারণার অভিযোগে হাসান কবির (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে মহেশপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরেকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক হাসান কবির যশোরের চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের আলি হোসেনের ছেলে। প্রায় তিন দিন আগে তিনি আত্মীয় পরিচয়ে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের জিনজিরা পাড়ায় জলিল হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে অবস্থান করে তিনি নিজেকে ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দিতে শুরু করেন।

‎ অভিযোগ রয়েছে, ওই গ্রামের বাসিন্দা মোজাম্মেল হোসেনের একটি মামলা নিষ্পত্তির কথা বলে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেন হাসান কবির। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিলে তাঁরা খোঁজখবর নিতে শুরু করেন। একপর্যায়ে তাঁর পরিচয় ভুয়া বলে নিশ্চিত হন এলাকাবাসী।

‎এরপর স্থানীয় লোকজন তাঁকে আটক করে গণধোলাই দেন এবং পরে মহেশপুর থানায় খবর দিলে পুলিশ এসে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

‎মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “ডিবি পরিচয়ে প্রতারণার সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

‎তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে খোসালপুর গ্রামের মারুফত আলী নামের আরেক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎ স্থানীয়দের দাবি, এলাকায় এ ধরনের ভুয়া পরিচয়ে প্রতারণার ঘটনা বাড়ছে। তারা এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

রাজু

×