ছবি: দৈনিক জনকণ্ঠ।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নে দুই হাজার হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শাড়ি-কাপড় ঈদ উপহার বিতরণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
বুধবার (১৮ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ ঈদ উপহার বিতরণ করেন। ঈদকে সামনে রেখে নিম্নআয়ের মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, “ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ যেন সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে পৌঁছে যায়—সেই লক্ষ্যেই আমাদের এ প্রচেষ্টা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হক তানিয়া, নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহামুদ হাসান, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলান, যুব নেতা রবিউল ইসলাম বাবুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সুশৃঙ্খল পরিবেশে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে শাড়ি ও কাপড় বিতরণ করা হয়। এসময় স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা বৃদ্ধি করে এবং দরিদ্র মানুষের ঈদের আনন্দকে আরও বর্ণিল করে তোলে বলে মনে করছেন স্থানীয়রা।
এম.কে








