ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

পাটুরিয়া-আরিচা ঘাটে ঈদে ঘরমুখো মানুষের ঢল

নিজস্ব সংবাদদাতা, শিবালয়, মানিকগঞ্জ

প্রকাশিত: ১৯:২৫, ১৮ মার্চ ২০২৬

পাটুরিয়া-আরিচা ঘাটে ঈদে ঘরমুখো মানুষের ঢল

ছবি: দৈনিক জনকণ্ঠ।

আসন্ন ঈদকে কেন্দ্র করে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। যাত্রীদের উপচে পড়া ভিড়ে উভয় ঘাট এলাকার কোথাও পা রাখার জায়গা ছিল না। তবে অতীতের তুলনায় এবারের যাত্রা কিছুটা স্বস্তিদায়ক বলে জানিয়েছেন যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে নদী পারাপার হচ্ছেন। অন্যদিকে, ফেরিতে যানবাহনের তুলনায় কাটা লাইনের বাসের যাত্রী বেশি পারাপার হচ্ছে।

ঘাট এলাকায় যানজট এড়াতে পাটুরিয়া ঘাটে লঞ্চের যাত্রীদের প্রায় আধা কিলোমিটার দূরে বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। ফলে যাত্রীদের পায়ে হেঁটে লঞ্চ ও ফেরিতে উঠতে হচ্ছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে আরিচা ও পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ফেরিতে যানবাহনের চাইতে যাত্রী পারের বিষয়টি ছিলো উল্লেখ করার মত। পাশাপাশি লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত ভিড় লক্ষ্য করা গেছে।

যাত্রীরা অভিযোগ করেন, কিছু লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন লঞ্চ মালিক কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম আব্দুল সালাম জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ও আরিচা-কাজীরহাট রুটে ৫টি ফেরিযোগে যানবাহন ও যাত্রী পার করা হচ্ছে।

এছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ২২টি ও আরিচা-কাজীরহাট রুটে ১২টি লঞ্চে যাত্রী ও যানবাহন পারাপার করছে।

শিবালয় থানার ওসি মোঃ মনির হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নবীনগর থেকে পাটুরিয়া ও আরিচা ঘাট পর্যন্ত প্রায় এক হাজার পুলিশ, র‍্যাব ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন পারাপারের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে, বুধবার বিকেলে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান পাটুরিয়া ও আরিচা লঞ্চ ও ফেরিঘাট এলাকা সরজমিন পরিদর্শন করেছেন।

এম.কে

×