ছবি: দৈনিক জনকণ্ঠ।
তেল না দেয়ায় ঝিনাইদহের কোটচাঁদপুর ফিলিং স্টেশনের ম্যানেজার মোঃ মোস্তফাকে (৪৩) কুপিয়ে গুরুত্বর আহত করার খবর পাওয়া গেছে। গত রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর দাসপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত মোস্তফা ওই এলাকারই বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গতকাল রাত ২টার সময় সলেমানপুর দাসপাড়া গ্রামের মান্না গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৪২) কোটচাঁদপুর ফিলিং স্টেশনে গিয়ে ২ হাজার টাকার তেল দাবি করেন। তেলের সীমাবদ্ধতা থাকায় ম্যানেজার মোস্তফা তাকে ৫০০ টাকার তেল দিতে রাজি হন। এতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর গাজী তেল না নিয়ে ম্যানেজারকে সজোরে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।
পরবর্তীতে আজ সন্ধ্যায় ম্যানেজার মোস্তফা নিজ বাড়ি থেকে পাম্পে যাওয়ার উদ্দেশ্যে বের হলে পথিমধ্যে ওত পেতে থাকা জাহাঙ্গীর গাজী তার ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায় হামলাকারী। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এই বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, ঘটনার পর সন্ধ্যার দিকে ভুক্তভোগী থানায় এসেছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসার পরামর্শ দিয়ে একটি লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
এম.কে








