পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘ সংসদ সদস্য পদ কোন ক্ষমতা নয়, এটা দায়িত্ব। মূলতঃ মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানি ভাতার ব্যবস্থা করেছেন।’
তিনি আরো বলেন, ‘ এবারের রাজনীতি ভিন্ন। প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নিতে ৩১ দফার এজেন্ডা দিয়েছিলেন, যার বাস্তায়ন শুরু করেছেন। মোট পাঁচটি ওয়াদা ইতোমধ্যে পালনের কার্যক্রম শুরু হয়েছে। তাই এই লক্ষ্যে সবাইকে সরকারের কাজকে সহায়তা করতে হবে।’
আজ বুধবার কলাপাড়া উপজেলা পরিষদ দরবার হল ‘পায়রা’ মিলনায়তনে মসজিদের ইমাম, মুয়াজ্জিন,খাদেম, মন্দিরের পুরোহীত, বৌদ্ধবিহার ও গীর্জায় দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় নেতাদের সম্মানি ভাতার চেক হস্তান্তরকালে এসব বলেন। তিনি আরো বলেন, ‘সমাজকে মাদক, সন্ত্রাসমুক্ত করতে ও স্থানীয় হানাহানি, বিদ্বেষ বন্ধে ধর্মীয় নেতাদের এগিয়ে আসতে হবে। দায়বোধের জায়গা থেকে সবাই কাজ করলে দেশকে কাক্সিক্ষত লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব। বিএনপি সকলের বাস উপযোগী বাংলাদেশ নির্মাণে কাজ করছে।’
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, মাদ্রাসা সুপার মাওলানা মুর্শিদুল আলম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মো. শাহ সুজাউদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিপির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান। জানা গেছে, মোট ১৪টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, ২টি মন্দিরের পুরোহীত, বৌদ্ধ বিহার ও খ্রীস্টান পল্লীর দায়িত্বপ্রাপ্তদের সম্মানি ভাতার চেক প্রদান করা হয়। এছাড়া সরকারি জাকাত তহবিলের সহায়তা হিসেবে ১৫জনকে নগদ অর্থ, সংসদ সদস্যের স্বেচ্ছাধীন তহবিলের সহায়তার অর্থ ও অতিসম্প্রতি অগ্নিকান্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্ত দরিদ্র অসহায় মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
রাজু








