পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে এক অসচ্ছল ভ্যানচালককে ব্যাটারিচালিত ভ্যান প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকায় দেবীগঞ্জ উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মশিউর রহমানের সৌজন্যে স্থানীয় ভ্যানচালক মোঃ খয়বর হোসেনের হাতে এই ভ্যান তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, খয়বর হোসেন দীর্ঘদিন ধর ভাড়ায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এতে তার পরিবারের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছিল। এ অবস্থায় তার জীবিকা সহজ করতে মানবিক সহায়তার অংশ হিসেবে তাকে একটি ব্যাটারিচালিত ভ্যান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসেন, দেবীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ প্রমুখ।
ভ্যানটি পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভ্যান চালক খয়বর হোসেন বলেন, এতদিন আমি ভাড়া ভ্যান চালাতাম। এতে করে যা আয় হতো তার বেশি অংশ ভাড়া দিতেই চলে যেত। সন্তানসন্ততি নিয়ে কষ্টের মধ্যে দিয়ে দিন পার করছিলা। আজকে শ্রমিক নেতা মশিউর ভাই আমাকে নতুন ভ্যান উপহার দিলেন। নতুন এই ভ্যান আমার জীবিকা নির্বাহকে সহজ করবে।
রাজু








