চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুলিশের টহল গাড়িসহ দুটি যানবাহন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার (১৫ মার্চ) বিকেল আনুমানিক ৩টার দিকে পুলিশের একটি টহল টিম গাড়ি নিয়ে বাবুরহাট এলাকায় দায়িত্ব পালনে যাচ্ছিল। এ সময় গাড়িটি পুলিশ লাইনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে যায়।
পরিস্থিতি বুঝতে পেরে অটোরিকশা চালক ও যাত্রীরা দ্রুত চলন্ত গাড়ি থেকে নেমে পড়েন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা গিয়ে পুলিশের টহল গাড়ির সঙ্গে ধাক্কা খায়। মুহূর্তের মধ্যেই অটোরিকশায় লাগা আগুন পুলিশের গাড়িতেও ছড়িয়ে পড়ে।
এ সময় পুলিশের গাড়িতে থাকা চালক ও সদস্যরা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হলেও আগুনে ঘটনাস্থলেই দুটি যানবাহন পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অটোরিকশা ও পুলিশের গাড়িটি আগুনে অধিকাংশ পুড়ে যায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
রাজু








