ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

জীবননগর সীমান্ত থেকে ৯৫ লাখ টাকার ভারতীয় ডিএনএ টেস্ট কিট উদ্ধার

ওমর ফারুক, জীবননগর, চুয়াডাঙ্গা 

প্রকাশিত: ২২:০৮, ১৫ মার্চ ২০২৬

জীবননগর সীমান্ত থেকে ৯৫ লাখ টাকার ভারতীয় ডিএনএ টেস্ট কিট উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৯৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ডিএনএ টেস্ট কিট উদ্ধার করেছে ৫৮ বিজিবি। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ রোববার রাত ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, গতকাল শনিবার রাত ১০টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ জীবননগরের নতুনপাড়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। নায়েব সুবেদার মো. ওসমান হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দলটি সীমান্ত পিলার ৬৫/৪-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের একটি পুকুরের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০৬ পিস ভারতীয় ডিএনএ টেস্ট কিট জব্দ করে। 
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৫ লাখ ৪১ হাজার টাকা।

এদিকে অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

রাজু

×