নওগাঁর বদলগাছীতে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় টহল পুলিশের ধাওয়ায় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গাবনা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী ও থানা সূত্রে জানা যায়, উপজেলার গাবনা গ্রামের খারি ব্রিজ এলাকায় সড়কে দড়ির ফাঁদ পেতে ডাকাতির চেষ্টা করে একটি ডাকাত দল। এমত অবস্থায় মাতাজি হাট থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন গাবনা গ্রামের দুই যুবক। ব্রিজ এলাকায় পৌঁছালে রাস্তার দুই পাশে বাঁধা দড়িতে ধাক্কা লেগে তারা বাইক থেকে ছিটকে ধানের জমিতে পড়ে যান।
এ সময় দুর্বৃত্তরা তাদের মারধর করে মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ভুক্তভোগীদের একজন চিৎকার শুরু করলে কাছাকাছি এলাকায় টহলে থাকা বদলগাছী থানার পুলিশ সদস্যরা সেই চিৎকার শুনতে পান। সাথে সাথে এসআই আজিজুর রহমানের নেতৃত্বে টহল পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ধাওয়া শুরু করে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কানচকুড়ি নামক স্থান থেকে সুজন আলী নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়।
আটককৃত সুজন আলী আদমদীঘি উপজেলার কাল্লাগাড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। জানা গেছে, তিনি বিভিন্ন সময় ভুয়া পরিচয় ব্যবহার করতেন। কখনো নিজের নাম আবু বক্কর সিদ্দিক, আবার কখনো সুজন প্রামাণিক বলে পরিচয় দিতেন।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান জানান, আটক সুজন আলী নওগাঁ–বগুড়া মহাসড়কে ডাকাতি ও ট্রাক ছিনতাই'সহ ১০ থেকে ১২টি মামলার আসামি। তার একটি বড় ছিনতাইকারী চক্র রয়েছে বলে পুলিশ ধারণা করছে।
এদিকে ছিনতাইকারী আটকের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকায় ছিনতাই হওয়া মোটরসাইকেলের মালিকরা থানায় এসে ভিড় করেন।
উল্লেখ্য- দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে আতঙ্ক থাকলেও এবার প্রথমবারের মতো হাতেনাতে একজন ছিনতাইকারী আটক হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
রাজু








