ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌথ চেকপোস্টে অবৈধ অস্ত্র উদ্ধার, যুবক গ্রেফতার

জাফর জুয়েল, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২০:০৫, ১৫ মার্চ ২০২৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌথ চেকপোস্টে অবৈধ অস্ত্র উদ্ধার, যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সদর ট্রাফিক পুলিশ ও আলমডাঙ্গা থানা পুলিশের যৌথ চেকপোস্ট অভিযানে একটি অবৈধ অস্ত্র উদ্ধারসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা থানাধীন হাফিজমোড় কাছারী বাজার এলাকার প্রিন্স ইলেক্ট্রনিক্সের সামনে পাকা সড়কে যৌথ চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত যুবক হলেন মোঃ আঃ রহমান (১৯)। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর থানার হালসা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর স্কুলপাড়া এলাকায় অবস্থান করছিলেন।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সদর ট্রাফিকের টিএসআই মোঃ ইউনুছ আলী এবং আলমডাঙ্গা থানার এসআই শীতল বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ যৌথ চেকপোস্ট ডিউটি পালনকালে ওই যুবককে আটক করেন।

এ সময় তার কাছ থেকে একটি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকু (ড্যাগার) উদ্ধার করা হয়, যার দৈর্ঘ্য প্রায় ৯.৮ ইঞ্চি। পাশাপাশি একটি ১৬০ সিসি রেজিস্ট্রেশনবিহীন অ্যাপাচি (RTR) 4V মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২৪, তারিখ ১৪ মার্চ ২০২৬, ধারা—The Arms Act, 1878 এর ১৯(এফ)।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

রাজু

×