নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় মমেজা বেগম (৬৩) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাত নয়টার দিকে সৈয়দপুর শহরের উপকন্ঠে গোলাহাট বধ্যভূমি সংলগ্ন এলাকায় রেললাইনে ওই দুর্ঘটনাটি ঘটে।
সৈয়দপুর রেলওয়ে থানা সূত্রে জানা যায়, দ্রুতগতির আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথায় ও বাম হাতের বাহুতে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন ওই নারী। এতে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু ঘটে তাঁর। পরে এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রশিদ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে অজ্ঞাতনামা হিসেবে তাঁর মরদেহ উদ্ধার করেন। এরপর রবিবার (১৫ মার্চ) নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরবর্তীতে রংপুর সিআইডির ক্রাইম সিনের সদস্যরা এসে নিহতের আঙুলের ছাপ নিয়ে তাঁর নাম পরিচয় শনাক্ত করেন।
নিহত মমেজা বেগম (৬৩) রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়নের মহদিপুর পলিপাড়ার মো. ইদ্রিস আলীর স্ত্রী। তাঁর মৃত্যুর বিষয়টি পরিবারকে অবগত করে পুলিশ। পরে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ আইনী প্রক্রিয়া সম্পন্ন করে ওই নারীর স্বামী মো. ইদ্রিস আলীর নিকট নিকট মরদেহ হস্তান্তর করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কয়েক বছর যাবৎ মানসিক রোগে ভুগছিলেন। তাঁর পরিবারের পক্ষ থেকে অনেক চিকিৎসা করেও তাকে সুস্থ করা যায়নি। তাঁর এক মেয়ে সন্তান রয়েছে।সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন নবী ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
রাজু








