ছবি: দৈনিক জনকণ্ঠ।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর এলাকায় র্যাব-৯ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ২১১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব-৯ এর সদর দপ্তর সিলেট থেকে রোববার (১৫ মার্চ) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায় যে, তারা প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক উদ্ধার এবং সন্ত্রাসী কার্যকলাপ দমনের পাশাপাশি জনসাধারণের জন্য একটি নিরাপদ সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের আমরাগড়া এলাকার পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে গত ১৪ মার্চ ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ২৩.৫৫ ঘটিকার সময় র্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছায়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে র্যাব সদস্যরা ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২১১ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ বিদেশি মদের সাথে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া না গেলেও র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এই ঘটনায় পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামতসমূহ সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এবং অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন যে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের এই গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
এম.কে








