ছবি: দৈনিক জনকণ্ঠ।
নরসিংদীর রায়পুরা উপজেলায় নিখোঁজের একদিন পর আব্দুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের একটি বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহমান চরমরজাল গ্রামের বাসিন্দা শুকুর আলীর ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে আব্দুর রহমান নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে সন্ধ্যায় রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রোববার সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়ার একতলা বাড়ির ছাদে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ঢাকার সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করবে।
রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
এদিকে শিশুটির রহস্যজনক মৃত্যুতে চরমরজাল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
এম.কে








