ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

রফিক মন্ডল, কোটচাঁদপুর, ঝিনাইদহ

প্রকাশিত: ১৫:৪৬, ১৫ মার্চ ২০২৬

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

ছবি: দৈনিক জনকণ্ঠ।

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন (৩৫) নামে এক ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে পৌরসভার বড়বামনদহ এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল আনুমানিক ৮টার দিকে আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের খোকন মিয়ার ইটভাটা থেকে একটি নাটা হাম্বার (ট্রলি) দিয়ে ইট নিয়ে কোটচাঁদপুর পৌরসভার বড়বামনদহ মালিথাপাড়া এলাকার শামসুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে যান। সেখানে ইট আনলোড করে পুনরায় কালীগঞ্জে ফেরার পথে সকাল ১০টার দিকে বড়বামনদহ এলাকার একটি অরক্ষিত ছোট রেলগেট পার হচ্ছিলেন তিনি।

এসময় রাজশাহী থেকে খুলনা অভিমুখী আন্তঃনগর  সুন্দরবন এক্সপ্রেস  ট্রেনটি দ্রুতগতিতে এসে ট্রলিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আলাউদ্দিন ছিটকে পড়ে গুরুতর আহত হন। তার ডান হাত ও কোমরে মারাত্মক আঘাত লাগে।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, বড়বামনদহ এলাকার ওই রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এম.কে

×