ছবি: দৈনিক জনকণ্ঠ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বান্দরবানের আলীকদমে ঈদ সামগ্রী বিতরণ করেছে আলীকদম সেনা জোন।
রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় আলীকদম জোনের ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন এলাকার অসচ্ছল ও নিম্ন আয়ের মোট ৫০টি পরিবারের মাঝে এ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মাঝে কিছুটা স্বস্তি ও আনন্দ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসজিপি, পিএসসি। এ সময় জোনের উপ-অধিনায়ক, জোনাল স্টাফ অফিসার (জেডএসও)সহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ ঈদ উপলক্ষে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ ছিল, যা প্রাপ্ত পরিবারগুলোর ঈদ উদযাপনে কিছুটা স্বস্তি এনে দেবে বলে আশা প্রকাশ করা হয়।
এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক দায়িত্বের অংশ। তিনি জানান, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
স্থানীয়রা সেনা জোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা কার্যক্রম দরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এম.কে








