ছবি: দৈনিক জনকণ্ঠ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় র্যাব-১১’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।
শনিবার (১৪ মার্চ) রাতে যাত্রামুড়া এলাকায় র্যাব-১১’র অভিযানে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার করা হয়েছে। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে মাদক চক্রের সদস্যরা।
প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র্যাব-১১ কোম্পানি কমান্ডার মেজর নাঈম উল হক।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ মার্চ) রাতে র্যাব-১১ নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল রূপগঞ্জ থানার তারাব পৌরসভায় যাত্রামুড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। হাবিবুল্লাহর মালিকানাধীন একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালায় র্যাব-১১। তাদের উপস্থিত টের পেয়ে অজ্ঞাতনামা ২/৩ জন মাদক ব্যবসায়ী মালামাল ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে ঘর তল্লাশি করে ৫৩ কেজি গাঁজা এবং ৭৬ বোতল স্কাফ উদ্ধার করা হয়।
পলাতক আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। জব্দকৃত মালামাল ইতোমধ্যে থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।
এম.কে








