ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৮ নৌকা জব্দ

মোঃ আঃ মান্নান, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশিত: ১৫:৩৩, ১৫ মার্চ ২০২৬

যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৮ নৌকা জব্দ

ছবি: দৈনিক জনকণ্ঠ।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পুলিশের অভিযানে ৮টি নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাহিরপুর থানায় পৃথক দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ মার্চ) দুপুর দেড়টার দিকে তাহিরপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) পংকজ দাশ ও এসআই মোহাম্মদ আলী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে নদীর বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি স্টিলবডি নৌকা ও ৬টি সেইভ নৌকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দকৃত নৌকাগুলোর আনুমানিক মূল্য ১৫ লাখ ৫৮ হাজার টাকা। অভিযানের সময় জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এম.কে

×