ছবি: দৈনিক জনকণ্ঠ।
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১১৭ বোতল ফেন্সিডিল জব্দসহ ২ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
রবিবার (১৫ মার্চ) বেলা ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ এর জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার মাওলানা ভাসানী হরিপুর সেতু মহাসড়ক এলাকায় গাইবান্ধা র্যাব ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেল টি তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ১১৭ বোতল ফেন্সিডিল জব্দ সহ রাশেদ(৩০) ও রাজিব সরকার(৪০) নামে ২ যুবক কে গ্রেফতার করে।
গ্রেফতার রাশেদুল ইসলাম রাশেদ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসান পাড়া গ্রামের আব্দুর রহমান সরকারের ছেলে আর রাজিব সরকার একই গ্রামের মৃত আমিনুল সরকারের ছেলে।
র্যাব জানান, দীর্ঘদিন ধরে ২ মাদক কারবারি অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে এবং অভিনব পন্থায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা সহ জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
এম.কে








